যে প্রবাসীরা অর্থ পাঠিয়ে দেশের জন্য অবদান রাখছেন, তাঁদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি এ আহ্বান জানান।অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে ৮০ লাখ মানুষ বিদেশে আছেন। তাঁদের কারণেই আমরা স্বস্তিতে আছি। এ বছর তাঁদের পাঠানো অর্থের পরিমাণ ১৪ বিলিয়ন ডলার হয়ে যাবে। কাজেই বিমানবন্দরসহ যেসব জায়গায় প্রবাসী কর্মীরা দুর্ভোগ পোহান, সেসব জায়গায় তাঁদের সেবা দিতে হবে। সেখানে তাঁদের জন্য আমরা আলাদা কিছু করতে পারি কি না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সেটি ভাবা উচিত। আমরা অন্তত এমন একটি জায়গা করি, যেখানে গিয়ে তাঁরা অন্তত নালিশ জানাতে পারবেন, কাঁদতে পারবেন।’অর্থমন্ত্রী জানান, প্রতিবছর ১৮ লাখ মানুষ এখন কর্মসংস্থানের উপযোগী হয়। এর মধ্যে ছয় লাখকে বিদেশে পাঠানো সম্ভব হয় উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন এ সংখ্যা ১০ লাখে তোলা যাবে।অনুষ্ঠানের সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিদেশগামীরা যেন প্রতারিত না হয় সে জন্য নানা উদ্যোগের পাশাপাশি ১৯৮২ সালের অধ্যাদেশ সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে। মন্ত্রী বলেন, ‘এ খাতের একটা বড় সমস্যা অভিবাসন খরচ। তবে এটিও কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকেরা এখন ৪০ হাজার টাকায় মালয়েশিয়ায় যেতে পারবেন।’প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘প্রবাসীদের প্রাপ্য সম্মান দিতে হবে। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাঁদের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া উচিত। এ খাতের জন্য একটা আলাদা ক্যাডার হলে ভালো হয়।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুন নাহার। অনুষ্ঠানে তিউনিসিয়ার নাগরিক নার্গিস বিন মেনুকা ও এম লুৎফি জাজিরাকে সম্মাননা জানানো হয়। তাঁরা ২০১১ সালে লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলনের সময় সেখান থেকে পালিয়ে আসা বাংলাদেশিদের তিউনিসিয়ার সীমান্তে সহায়তা করেছিলেন। এ ছাড়া বিভিন্ন পরীক্ষায় ভালো করার জন্য প্রবাসীদের দেশে থাকা ৪৮ সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। বিকেলে ‘প্রত্যাবর্তিত অভিবাসী কর্মী ও তাদের পুনঃ অঙ্গীভূতকরণ পরিস্থিতি: ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা ফিরে আসা অভিবাসীদের জন্য সরকারকে কিছু উদ্যোগ নিতে বলেন। প্রবাসী কল্যাণসচিব জাফর আহমেদ খান এসব প্রস্তাব নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। বেসরকারি সংস্থা ওয়ারবি ও মানুষের জন্য ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করে।