অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স প্রতিবছর ১২ শতাংশ করে বাড়ছে। গত শুক্রবার কাতারের রাজধানী দোহার একটি হোটেলে জালালাবাদ অ্যাসোসিয়েশন, কাতার শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বিনিয়োগে যাচ্ছে না, এটা নিয়ে আমি চিন্তিত নই। প্রবাসীদের মাধ্যমে দেশে অর্থ আসছে, কাজেই তাঁদের অবদান স্বীকার করা আমাদের কর্তব্য।’
অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কোন্নয়নের ফলে দেশে বিপুল সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছে। ২০০৯ সাল থেকে বাংলাদেশের রপ্তানি কখনো বাধাগ্রস্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কেবল এ বছর আমরা রপ্তানিতে একটু মার খাচ্ছি। তবে এখন যেভাবে চলছি, সেভাবে চলতে থাকলে আগামী বছর ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে আমাদের মোটেও অসুবিধা হবে না।’
৭১ সদস্যবিশিষ্ট এবারের কমিটিতে সভাপতি পদে শামসুদ্দীন আহমদ খান ও সাধারণ সম্পাদক পদে সেলিম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঢাকার সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মুক্তাদির, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আহমদ আল কবির, সাবেক সচিব এ কে আব্দুল মুবিন, সাবেক যুগ্ম সচিব ও জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা, দপ্তর সম্পাদক ইমাম মেহেদী চৌধুরী এনাম প্রমুখ। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য অহিদ ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার।