প্রবাসীদের লাশ সরকারি উদ্যোগে দেশে আনার দাবি
বিদেশে মারা যাওয়া প্রবাসীদের লাশ সরকারি উদ্যোগে দেশে আনার দাবি জানিয়েছে ইউরোপ প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন (ইপিবিএ)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘জনশক্তি রপ্তানি, প্রবাসী আয় ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক সেমিনারে অ্যাসোসিয়েশন এ দাবি জানায়।
সংগঠনের নেতারা বলেছেন, বিদেশে ভাগ্য বদলাতে গিয়ে অনেকে মারা যান। কিন্তু দরিদ্র সেই প্রবাসীদের লাশ দেশে আনার টাকাও অনেক সময় থাকে না স্বজনদের। প্রবাসীরা চাঁদা তুলে তাঁদের লাশ পাঠান। এ সমস্যার সমাধানে সরকারিভাবে লাশ আনা উচিত। ইপিবিএ এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ইসরাফিল আলম বলেন, ‘প্রতিদিন ৮ থেকে ১০ জন প্রবাসীর লাশ আসে। আমরা সংসদীয় কমিটি এই প্রবাসীদের মৃত্যুর কারণ সংরক্ষণ করতে বলেছি। অধিকাংশ সময়ই হৃদ্রোগে মারা যান প্রবাসীরা। তাঁরা যেখানে কাজ করেন, সেখানে সব সময় দুশ্চিন্তা, দেশে থাকা স্বজনদের ভাবনা, এসব কারণেই এমন মৃত্যু।’
ইসরাফিল আলম বলেন, প্রতিবছর প্রবাসীরা ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠান। কিন্তু প্রবাসীদের জন্য সরকারের বরাদ্দ কতটুকু? তবে নানা সীমাবদ্ধতার মধ্যেও এই সরকার নানা উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, দক্ষ লোক কম পাঠাতে পারলেও বেশি আয় আসবে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে এত ছেলেমেয়ে বের হচ্ছেন, তাঁরা কি সবাই চাকরি পাচ্ছেন? শিক্ষিত বেকার তৈরি না করে দক্ষ মানবসম্পদ গড়তে হবে। তাই কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে।
বিশেষ অতিথি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) জ্যেষ্ঠ সহসভাপতি আলী হায়দার চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি গড়ছেন। সরকার, ব্যবসায়ী, নাগরিক সমাজ সবাই একসঙ্গে কাজ করলে এই খাতকে আরও এগিয়ে নেওয়া যাবে।
ইপিবিএর সাধারণ সম্পাদক ওসমান হোসেইন প্রথম আলোর প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, প্রবাসী আয়ের পেছনে অনেক করুণ কাহিনি আছে। অনেকে ১২ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। গত এক দশকে ২৫ হাজার ২২৯ জনের লাশ এসেছে। তিনি বলেন, বিদেশ থেকে লাশ দেশে পাঠাতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ইউরোপে এই চিত্র বেশি। তিনি এ সমস্যা সমাধানে সরকারি উদ্যোগে লাশ আনার প্রস্তাব করেন।
মজুরি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বলেন, দুর্নীতিবাজরা বিদেশে টাকা পাচার করেছে। কিন্তু প্রবাসী শ্রমিকেরা কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন। কিন্তু বিমানবন্দর থেকে শুরু করে সর্বত্র তাঁরা হয়রানির শিকার। এগুলো বন্ধ করতে হবে।