প্রবাসীদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তাদের মানবিক আচরণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে বাংলাদেশি শ্রমিকেরা নানাভাবে নির্যাতনের শিকার হয়ে যখন সেখানকার বাংলাদেশ দূতাবাসে যান, তখন বেশির ভাগ সময়ই তাঁদের সঙ্গে মানবিক আচরণ করেন না দূতাবাসের কর্মকর্তারা। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাঁরা। কিন্তু ওইসব শ্রমিকের সমস্যা সমাধানে দূতাবাসের কর্মকর্তাদের আন্তরিক হওয়া উচিত।প্রবাসী বাংলাদেশি বিষয়ক বিবিসির বিশেষ বাংলাদেশ সংলাপে এসব কথা বলেছেন কয়েকজন বিদেশফেরত ও প্রবাসী কর্মী। গতকাল বুধবার নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংলাপ অনুষ্ঠিত হয়।সংলাপে অতিথি ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন—বায়রার সভাপতি গোলাম মোস্তফা, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ মহিলা অভিবাসী শ্রমিক সংস্থার পরিচালক সুমাইয়া ইকরাম।সংলাপের শুরুতেই সৌদি আরব থেকে একজন প্রবাসী টেলিফোনে জানতে চান, বাংলাদেশে অভিবাসন খরচ এত বেশি কেন? জবাবে সুমাইয়া ইকরাম বলেন, অভিবাসনের খরচ কমাতে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। মুস্তাফিজুর রহমান বলেন, মধ্যস্বত্বভোগী দালালদের কারণে খরচ বেড়ে যায়। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। এই পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা দরকার।গোলাম মোস্তফা বলেন, অভিবাসনের ব্যয় একটি বড় সমস্যা। লোকজন সরাসরি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোতে এলে খরচ কম হতো। কিন্তু তা না করে তারা দালালদের সহায়তা নেয়। এতে খরচ বেড়ে যায়। এটি বন্ধ হওয়া দরকার।মন্ত্রী বলেন, সবার ধারণা, বিদেশে গেলেই ভালো থাকবে। তাই যেকোনো মূল্যে তারা বিদেশে যেতে চায়, দালালদের সহায়তা নেয়। ফলে খরচ বেড়ে যায়। সরকার এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নিচ্ছে।শ্রমিকদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তাদের ব্যবহার সম্পর্কে ওমান থেকে প্রশ্ন করেন একজন। এর জবাবে সুমাইয়া করিম বলেন, এই সমস্যায় সবচেয়ে বেশি পড়ে নারীরা। অন্য দেশের দূতাবাসগুলো যখন শ্রমিকবান্ধব, তখন বাংলাদেশের দূতাবাসগুলোর আচরণ উল্টো। সমস্যা সমাধানে অভিবাসন ক্যাডার নামের একটি বিশেষ ক্যাডার সৃষ্টি করে কর্মকর্তা নিয়োগের দাবি জানান তিনি।মন্ত্রী বলেন, দূতাবাসে লোকবল সংকটসহ নানা সমস্যা আছে। সমাধানের চেষ্টা চলছে। বিদেশ থেকে টাকা পাঠানোর ভোগান্তি নিয়ে প্রশ্ন করেন একজন। জবাবে মন্ত্রী বলেন, হুন্ডি নয়, বৈধ পথে টাকা পাঠানো উচিত। এ জন্য সরকার একটি প্রবাসী কল্যাণ ব্যাংক করার উদ্যোগ নিয়েছে। মালয়েশিয়ার অবৈধ শ্রমিকদের বৈধ করতে কী কী উদ্যোগ নেওয়া হবে, জানতে চাইলে মন্ত্রী বলেন, সমস্যাটি জটিল। সরকার সমাধানের চেষ্টা করছে। এখন প্রতিদিনই কিছু না কিছু লোক বৈধ হচ্ছে। ওয়ালিউর রহমানের প্রযোজনায় এই সংলাপের সঞ্চালক ছিলেন বিবিসির মিথিলা ফারজানা।