
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি দেশে ফোন করে তাঁদের সুখ-দুঃখসহ যেকোনো সমস্যার কথা বলতে পারবেন। তাঁদের কথা শুনে সরকারও সমাধানের পথ খুঁজতে পারবে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রবাসবন্ধু কল সেন্টারের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশি কর্মীরা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছেন। সেই প্রবাসী বন্ধুদের সুখ-দুঃখের অংশীদার হতে এই কল সেন্টার কাজ করবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের মহাপরিচালক কবির বিন আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাসসহ ২৪টি দেশের বাংলাদেশ মিশনের ৪১ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, খুব শিগগির মালয়েশিয়ার শ্রমবাজার থেকে সুখবর আসবে বলে আশা করছেন তিনি। কবে নাগাদ সুখবর আসবে—এমন প্রশ্নে তিনি বলেন, সপ্তাহ খানেকের মধ্যে সুখবর আশা করছেন তিনি। গত মাসে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি বলেছিলেন, তাঁরা বিষয়টি নিয়ে অন্ধকারে আছেন।
মন্ত্রণালয় সূত্র বলেছে, প্রবাসে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য +৮৮০৯৬৫৪৩৩৩৩৩৩ নম্বরটি বাংলাদেশ সময় অনুযায়ী সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চালু থাকবে। এ ছাড়া প্রবাসীরা ম্যাসেঞ্জার, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপে +৮৮০১৬৭৮৬৬৮৮১৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন। ফেসবুকে যোগাযোগ করা যাবে www.facebook.com/ probashbondhucallcenter এ ঠিকানায়। ই-মেইল করা যাবে probashbondhu. [email protected] এ ঠিকানায়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কারিগরি সহযোগিতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসবন্ধু কল সেন্টার স্থাপন করে। প্রথম পর্যায়ে জর্ডান, মালয়েশিয়া ও সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীরা এ কল সেন্টারের সুবিধা পাবেন। পরে অন্যান্য দেশে কর্মরত বাংলাদেশি কর্মীরাও এ সুযোগ পাবেন।