বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন প্রায় ৮৫ লাখ বাংলাদেশি। প্রবাসীদের কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা। কিন্তু প্রবাসীদের ৪০ ভাগ অর্থ দেশে আসে হুন্ডির মাধ্যমে। হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থের বেশির ভাগ ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও মাদকের ব্যবসায়। এই ব্যবসা সম্প্রসারণের কারণে বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ। অবৈধ মানি লন্ডারিং প্রতিরোধ করা সম্ভব হলে দেশের উন্নয়ন আরও বেড়ে যেত।
গত ২৩ এপ্রিল কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলনকক্ষে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’–বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাবিব খান। প্রধান আলোচক ছিলেন টিএমএসএসের প্রধান নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমদ, উপব্যবস্থাপনা পরিচালক আবু জাফর, রেমিট্যান্স বিভাগের প্রধান মাহফুজুর রহমান, টিএমএসএসের উপনির্বাহী পরিচালক মো. আবদুল কাদের, মনোয়ার রেজা খান, যুগ্ম পরিচালক রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথি গোলাম হাবিব খান বলেন, প্রবাসীদের পাশাপাশি দেশের পোশাক কারখানায় কর্মরত ব্যক্তিরা বিদেশি রেমিট্যান্স বাড়াতে বড় ভূমিকা রাখছেন। কিন্তু একটি চক্র দেশে দুর্নীতি ও সন্ত্রাস লালন করছে।
মানি লন্ডারিং প্রতিরোধ করতে হলে ওই চক্রকে দমন করতে হবে। তিনি আরও বলেন, প্রতিবছর সারা বিশ্বে ৫৭০ কোটি মার্কিন ডলার অর্থায়ন হচ্ছে সন্ত্রাস ও মাদকে। শুধু সমাজ ও রাষ্ট্র নয়; ব্যাংকিং সেক্টরের জন্যও এটি বড় ধরনের হুমকি।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ারুল নাসের বলেন, কক্সবাজার জেলার প্রায় ৫৯ হাজার মানুষ বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। যাঁদের সিংহ ভাগ টাকা দেশে আসে হুন্ডির মাধ্যমে। এ কারণে জেলাব্যাপী গড়ে উঠেছে বিশাল হুন্ডি সিন্ডিকেট। প্রবাসীরা হুন্ডির মাধ্যমে যে টাকা পাঠান, তা স্বজনদের কাছে পৌঁছাতে দেরি হয়। অনেক সময় টাকাও পাওয়া যায় না। আবার টাকা পেতে নানা ঝামেলা পোহাতে হয়। কিন্তু নিরাপদে ও দ্রুত টাকা পাঠানোর বহু ব্যবস্থা দেশে আছে। এ ব্যাপারে লোকজনকে সচেতন করতে হবে।