প্রবাসীর অর্থায়নে বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ শুরু
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বড় ফেচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের নির্মাণকাজ গতকাল শনিবার শুরু হয়েছে। ওই নির্মাণকাজে ২০ লাখ টাকার অর্থায়ন করছেন যুক্তরাজ্যপ্রবাসী নুর মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব খান।অনুষ্ঠানে নুর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন মিয়া বলেন, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে জরাজীর্ণ ভবনে পাঠদান চলছে। তাই এলাকাবাসীর অনুরোধে সাড়া দিয়ে নুর মিয়া ২০ লাখ টাকা অনুদান দেন।নুর মিয়া বলেন, এলাকার কোমলমতি শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদানের স্বার্থে তিনি নতুন ভবনের অর্থায়ন করছেন। জীবন-জীবিকার তাগিদে প্রবাসী হলেও এলাকার শিক্ষার উন্নয়নে কিছু করতে পেরে তিনি আনন্দিত।ইউপি চেয়ারম্যান আইয়ুব খান বলেন, জগন্নাথপুরে শিক্ষাবিস্তারে প্রবাসীদের অবদান অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীদের অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়।