নীলফামারী সদরের সংগলসি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই তালিকায় অনেক দরিদ্র শ্রমিকের নাম না দিয়ে দুবাইপ্রবাসীসহ কয়েকজন সচ্ছল ব্যক্তির নাম দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন আবার পাকা ভবনের মালিক। এই কর্মসূচির প্রকল্প কমিটির সদস্য হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এভাবে তালিকা তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে সচ্ছল ব্যক্তিদের অনেকেই জানেন না, ওই তালিকায় তাঁদের নাম রয়েছে। ১৩ এপ্রিল দুপুরে সংগলসি ইউনিয়নের কাজীপাড়া ও দোলাপাড়ায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা এককভাবে তালিকা প্রণয়ন করে ৬ এপ্রিল থেকে কাজ শুরু করেন। সংগলসি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টিকেন্দ্রনাথ রায় অভিযোগ করে বলেন, এখানে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির কাজ হচ্ছে দলীয়ভাবে। এ ইউনিয়নে ৬৬০ জন শ্রমিকের তালিকা তৈরিতে অনিয়ম করা হয়েছে। সে জন্যই এই তালিকায় দুবাইপ্রবাসী, সচ্ছল ব্যক্তি ও ভবন মালিকদের নাম স্থান পেয়েছে। তিনি দাবি করেন, অনিয়ম করে এই তালিকায় কমপক্ষে ৩০ জন সচ্ছল ব্যক্তির নাম ঢোকানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই তালিকায় কাজীপাড়া গ্রামের দুবাইপ্রবাসী কাজী জুয়েল, পাকা ভবনের মালিক আকবর হোসেন ও সহিমুদ্দিনসহ আরও অনেক সচ্ছল ব্যক্তির নাম রয়েছে। এই তালিকায় কাজীপাড়া গ্রামের দিনমজুর মুস্তাকীন, একই গ্রামের ভ্যানচালক আবু বক্করের স্ত্রী রফিনাসহ আরও অনেকের নাম নেই। কাজী জুয়েলের ছোট ভাই কাজী মিস্টার বলেন, ‘জুয়েল সাত বছর আগে দুবাই গেছেন। কয় দিন আগে আমি শুনেছি, তাঁর নাম মাটি কাটার তালিকায় দেওয়া হয়েছে। কাজী জুয়েল কাজীপাড়ার মৃত আজিজ মাস্টারের ছেলে। তাঁর নাম তালিকার ৩৬৭ নম্বরে।’ তালিকায় থাকা কাজীপাড়া গ্রামের পাকা বাড়ির মালিক আকবর হোসেন (৬৫) বলেন, ‘আমার নাম বলে লেইখছে, তিন দিন আগত শুনছি, কিন্তু আমি তো মাটি কাটি নাই, নামও দেই নাই, টাকাও পাই নাই!’ তালিকায় নাম থাকা দোলাপাড়ার সহিমুদ্দিন (৭০) জানেন না, মাটি কাটার তালিকায় তাঁর নাম দেওয়া হয়েছে। সহিমুদ্দিনের বাড়িতে গিয়ে দেখা যায়, পাকা ভবন নির্মাণের কাজ চলছে।কাজীপাড়া গ্রামের দিনমজুর মোস্তাকীন অভিযোগ করে বলেন, ‘যাঁদের দুই-চার বিঘা জমি আছে, দালানঘর আছে, তাঁদের নাম দিছে। হামরা গরিব মানুষ হামার নাম নাই।’একই গ্রামের রফিনা (৪০) অভিযোগ করেন, তাঁর স্বামী আবু বক্কর ভ্যান চালান, তাঁদের কোনো জমিজমা নেই। কিন্তু তাঁরা কাজ পাননি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রকল্প কমিটির সদস্য কাজী মোস্তাফিজার রহমান বলেন, ‘দু-একটা নাম প্রিন্টের আগে কম্পোজ করার সময় ভুল হয়েছিল।’