প্রবাসীর বাড়িতে ডাকাতি
নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের কাজিরখিল ও ধর্মপুর গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে চার প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় দুজন আহত হয়।
স্থানীয় লোকজন বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত কাজিরখিল গ্রামের বেছু ভূঁইয়ার বাড়িতে হানা দেয়। তারা বাড়ির সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মফিজ উদ্দিন, জাহাঙ্গীর আলম ও তাজুল ইসলামের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতেরা তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৪৩ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে যায়।
স্থানীয় লোকজন জানান, একই রাতে ধর্মপুরে গ্রামের চৌধুরীবাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা প্রবাসী কবির হোসেনের বসতঘরের লোহার ফটক ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ফেলে। এরপর তারা পাঁচ ভরি স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকা, তিনটি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে।
সেনবাগ থানার ওসি মো. এমরান আলী বলেন, তিনি গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।