প্রবাসীর বাড়ি নির্মাণ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকায় যুক্তরাষ্ট্র-প্রবাসী এক ব্যক্তির বাড়ি নির্মাণ বন্ধ করে দিয়েছে স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। এ চক্রটি উল্টো এক নারীকে দিয়ে ওই প্রবাসীর বিরুদ্ধে আদালতে যৌন নিপীড়ন মামলা করিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রবাসী আক্তারুজ্জামান চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র থেকে ২ অক্টোবর দেশে ফেরার পর তিনি বীরগঞ্জ পৌর এলাকার সুজালপুর কলেজপাড়ায় বাড়ি করার উদ্যোগ নেন। কাজ শুরুর আগের দিন ৬ অক্টোবর বিকেলে স্থানীয় রাকিবুল (৪৫) উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কার্যালয়ে ডেকে দুই লাখ টাকা দাবি করেন। আক্তারুজ্জামান চৌধুরীর স্ত্রী জেসমিন আরা চৌধুরী জানান, এরপর নির্মাণকাজ শুরু করা হলে ১০ অক্টোবর বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দীপংকর রাহা, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন ও রাকিবুলের নেতৃত্বে ১০-১২ জন লোহার রড, ছোরা, লাঠি হাতে তাঁদের বাড়িতে এসে আক্তারুজ্জামানের নাম ধরে ডাকতে থাকেন। তিনি দিনাজপুরে গেছেন, এ কথা জানার পর তাঁরা অশ্লীল গালাগাল ও চাঁদার দুই লাখ টাকা দাবি করেন। না দিলে তাঁদের সপরিবারে হত্যা করা হবে বলে হুমকি দেন তাঁরা। ঘটনার পর বীরগঞ্জ থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা নেননি। পরে ১৫ অক্টোবর জেসমিন আরা চৌধুরী দিনাজপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন। মামলা করার পর ওই দিন বিকেল পাঁচটার দিকে ওই চক্রটি আবার তাঁদের বাড়িতে এসে মামলা তুলে নিতে বলে। এরপর থেকে তারা প্রতিদিন তাঁদের বাড়িতে টাকা চাইতে আসে। সর্বশেষ ২১ অক্টোবর এক নারীকে দিয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা করায়।বীরগঞ্জ পৌর এলাকার মফিজউদ্দিন চৌধুরী, বাবুল আখতারসহ কয়েকজন অভিযোগ করেন, স্থানীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপালের আশ্রয়-প্রশ্রয়ে স্বেচ্ছাসেবক লীগের নাম ব্যবহার করে এই চক্রটি বীরগঞ্জসহ আশপাশের এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।তবে মনোরঞ্জন শীল গোপাল এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার কথা আমি জানি না। এ ছাড়া আমার কাছে আমেরিকা প্রবাসী কেউ প্রতিকার চাইতেও আসেননি।’বীরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দীপংকর রাহা ও যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে অনেকবার চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।দিনাজপুরের পুলিশ সুপার ময়নুল হোসেন বলেন, ‘আক্তারুজ্জামানের বাড়ি নির্মাণে বাধা প্রদানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বীরগঞ্জ পুলিশকে নির্দেশ দিয়েছি।’