প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ২
হবিগঞ্জের শহরতলি জালালাবাদ গ্রামে গত মঙ্গলবার মধ্যরাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাতেরা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতদের হামলায় গুরুতর আহত গৃহকর্ত্রী ও তাঁর ছেলেকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে একদল মুখোশধারী ডাকাত জালালাবাদ গ্রামের দুবাই-প্রবাসী মিলন মিয়ার বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ডাকাতেরা প্রবাসীর স্ত্রী নাজমা আক্তারকে (৩৫) কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে ছেলে মুমিন মিয়া (১৪) এগিয়ে এলে ডাকাতেরা তাকেও আহত করে স্বর্ণালংকারসহ বাড়ির প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় নাজমা ও তাঁর ছেলে মুমিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।