বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা-মাদারীপুর গ্রামে গত শনিবার রাতে সৌদিপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাত ও বোমা হামলায় নারীসহ ১১ জন আহত হয়। এ সময় ডাকাত সন্দেহে গ্রামবাসী গণপিটুনি দেওয়ায় একজন নিহত হন।গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম সবুজ মিয়া (৩২)। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলা শহরে। ডাকাতের হামলায় আহত ব্যক্তিরা হলেন: মাগুরা-মাদারীপুর গ্রামের মো. মিজানুর ব্যাপারীর স্ত্রী শারমিন আক্তার (২২), মা রিজিয়া বেগম (৬৫), ভাইয়ের স্ত্রী নূরজাহান বেগম (৩৫), কাকলী বেগম (৩০), আত্মীয় শেখ বাসার (৪৫), সোহাগ (৫০) এবং একই গ্রামের মো. কবির উদ্দিন (২৫), তালেব আলী (৪২) ও ঝন্টু রায় (২১)। বাকি দুজনের নাম জানা যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে গতকাল সকালে বরিশাল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।গ্রামবাসী ও পুলিশ জানায়, সৌদিপ্রবাসী মো. মিজানুর রহমান ব্যাপারী এক সপ্তাহ আগে দেশে ফেরেন। শনিবার বাড়িতে অতিথি আসায় তিনি পাশের বাড়িতে ঘুমাতে যান। শনিবার দিবাগত রাত দুইটার দিকে ১০ থেকে ১৫ জন ডাকাত পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দরজা না খোলায় ডাকাতেরা দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং অস্ত্রের মুখে জিম্মি করে মিজানুরের স্ত্রী শারমিনের কাছে আলমারির চাবি দাবি করে। চাবি দিতে অস্বীকার করায় তারা শারমিনসহ ছয়জনকে কুপিয়ে জখম করে। একপর্যায়ে আলমারির চাবি নিয়ে তারা ২৫ হাজার রিয়াল, নগদ ৭০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় মিজানুরের পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে কবিরসহ পাঁচজন আহত হন। এ ঘটনার পর বিভিন্ন মসজিদের মাইক থেকে ডাকাত প্রতিরোধের আহ্বান জানানো হয়। গৌরনদী, আগৈলঝাড়া ও কালকিনি উপজেলার আটটি গ্রামের কয়েক হাজার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করে। রাত তিনটার দিকে গৌরনদীর বাকাই সংস্কৃতি কলেজের কাছে ডাকাত সন্দেহে স্থানীয় লোকজন সবুজকে গণপিটুনি দেয়।খবর পেয়ে গৌরনদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সবুজকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ডাকাতের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি সদরে। ডাকাতির ঘটনায় শারমিন আক্তার সবুজ, ইদ্রিস হাওলাদার, শাহজাহান হাওলাদার, শাহাদাত হোসেনসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে গৌরনদী থানায় গতকাল মামলা হয়েছে।