প্রবাসীর বাড়িতে ভেজাল ওষুধের কারখানা
সিলেটের দক্ষিণ সুরমার লাওয়াই এলাকার উম্মর কবুল গ্রামে লন্ডন-প্রবাসী এক ব্যক্তির বাড়িতে ভেজাল ওষুধের কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই কারখানায় উৎপাদিত ওষুধ ‘এমবি ফার্মাসিউটিক্যালস’ নাম দিয়ে বাজারজাত করা হতো। গত বুধবার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ওই বাড়িতে আভিযান চালিয়ে কারখানাটি শনাক্ত করে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল ছদ্মবেশে ওই এলাকায় গিয়ে কারখানাটির সন্ধান পায়। সন্ধ্যার পর গোপনে ওষুধ তৈরির সময় স্থানীয় ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা এবং প্রায় দুই কোটি টাকার নকল ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় কারখানার পরিচালক পরিচয়দানকারী বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম কদমতলা গ্রামের আবদুর রহিম ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিরজুকা গ্রামের আলাউদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবু কাউসার জানান, ওই দুজনকে রাতে সিলেট কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।