প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ককে গলা কেটে হত্যা
সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ককে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। গতকাল বুধবার সকালে পুলিশ ওই বাড়ি থেকে তত্ত্বাবধায়কের মরদেহ উদ্ধার করে।নিহত ব্যক্তির নাম ফখরউদ্দিন (২৪)। তিনি জালালাবাদ থানা এলাকার মোগলগাঁও ইউনিয়নের আকিলপুর গ্রামের সমর আলীর ছেলে। এ ঘটনায় গতকাল রাতে ওই বাড়ির সাবেক তত্ত্বাবধায়ক জয়নাল আহমদকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা সূত্র জানায়, বাড়ির মালিক হাজি ফিরোজ আলী সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। প্রায় দুই বছর আগে তিনি দেশে এসে একই গ্রামের ফখরউদ্দিনকে বাড়ির তত্ত্বাবধায়ক নিযুক্ত করে যান। গতকাল সকালে ফখরউদ্দিনের কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা তাঁর ব্যবহূত মুঠোফোনে কল করে বন্ধ পান। পরে কয়েকজন প্রতিবেশী বাড়ির একটি খোলা জানালা দিয়ে বসার ঘরে ফখরউদ্দিনের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিত দাশের নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার আলামত ও লাশের সুরতহাল প্রতিবেদনের কথা উল্লেখ করে পুলিশ জানায়, খুনিরা ফখরউদ্দিনকে বসার ঘরে সোফাসেটের মধ্যে রেখে জবাই করে বাসার ফটক তালাবদ্ধ করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ফেলে যাওয়া চাবি বাড়ির প্রধান ফটকের এক পাশে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি ছোরা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একাধিক দুর্বৃত্ত মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাটি ডাকাতি কি না, এমন প্রশ্নের জবাবে এসআই সঞ্জিত দাশ প্রথম আলোকে জানান, ঘটনাটি ডাকাতি নয়। কারণ মালামাল লুটের কোনো আলামত পাওয়া যায়নি। জালালাবাদ থানায় বুধবার রাতে নিহত ফখরউদ্দিনের বাবা সমর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।