প্রবাসীর বিরুদ্ধে শাওনের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে বান্টি মীর নামের এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বিরুদ্ধে মামলা করেছেন প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। গতকাল রোববার দুপুরে ধানমন্ডি থানায় তিনি মামলাটি করেন। এর আগে একই কারণে গত শুক্রবার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন শাওন।

যোগাযোগ করা হলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় শাওন অভিযোগ করেছেন, বান্টি মীর ফেসবুক ও ইউটিউবে শাওন ও তাঁর মায়ের বিরুদ্ধে অশ্লীল পোস্ট দিয়েছেন এবং কটূক্তি করেছেন। ওসব পোস্টে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, বান্টি মীর নামের ওই প্রবাসী একটি ভিডিও বক্তব্যে শাওন ও তাঁর মাকে নিয়ে অশালীন কথাবার্তা বলেছেন। বাংলাদেশিরা যেন তাঁদের মারধর করে, সে আহ্বান জানিয়েছেন। আর ভিডিও বক্তব্যের শেষে সবাইকে ওই ভিডিও বেশি করে শেয়ার করার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় তৈরি ডুব চলচ্চিত্রটি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। বান্টি মীর নামের ওই প্রবাসী ডুব বিতর্ক ধরে কথা শুরু করে নানা অশালীন ভাষায় মেহের আফরোজ শাওনকে আক্রমণ করে গেছেন।