প্রবাসীর মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা ৭ জনকে পুলিশে দিল জনতা
সৌদি আরব থেকে দেশে ফেরার পথে মাইক্রোবাসের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছিনতাইকালে সাত ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের ডাকবাংলো রোডে গত শুক্রবার দিবাগত রাতে ছিনতাইকারীদের বহনকারী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৩-৬৭৯৬) আটক করে স্থানীয় লোকজন। এ সময় তাদের কাছ থেকে একটি ক্ষুর ও একটি কাচ কাটার যন্ত্র উদ্ধার করা হয়।আটক ছিনতাইকারীরা হলেন ফেনী সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর গ্রামের আক্কাছুর রহমান ওরফে ডালিম (২৬), একই গ্রামের জসিম উদ্দিন (২৫), বাঁশকর গ্রামের মাহফুজুর রহমান (২৮), দক্ষিণ চাড়ীপুরের মনির (৩৮), লক্ষ্মিয়ারা গ্রামের জাহাঙ্গীর আলম (২২), একই গ্রামের তারেক ইকবাল (২৬) ও আলমগীর (২৮)।স্থানীয় জনতা ও প্রবাসী বেলাল হোসেনের বাবা হাজি আবুল কাসেম জানান, ওই দিন তাঁর ছেলেকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে উপজেলার চম্পকনগরে ফেরার পথে ছিনতাইকারীর দল তাঁদের অনুসরণ করতে থাকে। রাত আটটায় গাড়িটি ছাগলনাইয়ার জঙ্গলমিয়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তার ওপর প্রতিবন্ধক সৃষ্টি করে গ্লাস ভেঙে ফেলে। তাঁদের চিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ডাকবাংলো রোডে জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে মাইক্রোবাসটিসহ ছিনতাইকারীদের ধরে পিটুনি দেয়। এ সময় মাইক্রোবাস চালক সমিতির নেতা কামাল উদ্দিন এনামুল হক ছিনতাইকারীদের জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এরপর ছাগলনাইয়ার কয়েক শ মাইক্রোবাসচালক ছিনতাইকারীদের তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে থানা ঘেরাও করেন।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান মিয়া তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের শান্ত করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।