প্রবাসীর মৃত্যু নিয়ে রহস্য, চার দিন পর লাশ মর্গে
মালয়েশিয়াপ্রবাসী সেলিম মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রহস্যের সৃষ্টি হয়েছে। দেশে ফেরার চার দিন পর পুলিশ গতকাল বুধবার বিকেলে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সেলিম মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের আবদুল ওয়াহাব মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সেলিম মিয়া ও তাঁর বন্ধু করম আলী (৫০) ১০ বছর আগে মালয়েশিয়া যান। বাল্যবন্ধু করম আলীও একই গ্রামের বাসিন্দা। ১ সেপ্টেম্বর রাতে করম আলীর মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন, সেলিম মিয়া মারা গেছেন। ৮ দিন পর ৯ সেপ্টেম্বর শনিবার রাতে তাঁর লাশ দেশে আসে। তবে গ্রামের বাড়িতে লাশ পৌঁছে রোববার ভোরে। দুপুরে পরিবারের লোকজন সেলিম মিয়ার লাশের শেষ গোসল করাতে গিয়ে তাঁর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। তখন লাশ দাফন স্থগিত রেখে রাতে বিষয়টি পুলিশকে জানানো হয়। করম আলীর লোকজন বিষয়টি পুলিশকে জানাতে বাধা দেন বলে অভিযোগ করেন সেলিম মিয়ার স্বজনেরা।
এদিকে করম আলীর পক্ষের আজহার মিয়াসহ কিছু লোক গ্রামে প্রচার করতে থাকেন, সেলিম মিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং তাঁর লাশ দেশে ফিরিয়ে আনতে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। করম আলী ওই টাকা বহন করেছেন। তাই করম আলীর পরিবারকে এ টাকা দিতে হবে। না হলে সেলিম মিয়ার লাশ দাফন করতে দেওয়া হবে না। পরে সেলিম মিয়ার মেয়ে শিল্পী বেগম (৩০) লাশের ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করেন। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলমের নির্দেশে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সেলিম মিয়ার স্ত্রী সালেহা বেগম (৪৫) অভিযোগ করেন, ‘করম আলী বিদেশে আমার স্বামীরে মারছে। অহন তার লোকজন সাড়ে তিন লাখ ট্যাহা দাবি করতাছে। এই জন্য লাশও দাফন অইতেছে না।’
করম আলীর স্ত্রী আলেয়া বেগমের (৪৫) দাবি, সেলিম মিয়ার লাশ দেশে আনতে তাঁর স্বামীর সাড়ে তিন লাখ টাকা ব্যয় হয়েছে। তবে ওই টাকার দাবি করলেও লাশ দাফনে কোনো বাধা দেননি বলে জানান তিনি।
এদিকে আজহার মিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
সেলিম মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সরাইল থানার এসআই অহিদুর রহমান বলেন, লাশের ডান ঊরুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সেখানে পাঁচটি সেলাই রয়েছে।