প্রবাসীর সই জাল, ব্যাংক থেকে টাকা উধাও
বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের দুবাইপ্রবাসী এক নারীর স্বাক্ষর জাল করে তাঁর ব্যাংক হিসাব থেকে ৮০ হাজার টাকা তুলে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই নারী গত মঙ্গলবার গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।গৌরনদীর টরকী শাখা জনতা ব্যাংকের প্রবাসী গ্রাহক ও উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের মো. লুৎফর সিকদারের স্ত্রী শাহিদা বেগমের (৩০) অভিযোগ সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে জমাজমি বিক্রি ও ধারদেনা করে পাঁচ বছর আগে তিনি দুবাই যান। দুবাই শহরে একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে তিনি দুই লাখ টাকা জনতা ব্যাংক, টরকী বন্দর শাখার হিসাব নম্বরে পাঠান (হিসাব নম্বর তাঁর নিজের নামে)। গত এপ্রিলের মাঝামাঝি তিনি ছুটিতে দেশে আসেন। গত ৯ মে তিনি ব্যাংকে টাকা তুলতে গেলে তাঁর হিসাবে গরমিলটি ধরা পড়ে। হিসাব নম্বরে ৮০ হাজার টাকা কম থাকার বিষয়টি তিনি শাখার ব্যবস্থাপক মো. আফজাল হোসেনকে জানান। গত ২৫ ফেব্রুয়ারি ৫১৫৪০৫৫ নম্বর চেকের মাধ্যমে তাঁর সই জাল করে ৮০ হাজার টাকা উঠানো হয়েছে। তখন শাহিদা ব্যাংকের ব্যবস্থাপককে জানান, ২৫ ফেব্রুয়ারি তিনি দুবাইয়ে ছিলেন। তিনি কী করে টাকা তুলবেন? শাহিদা বেগম আরও অভিযোগ করেন, গত ১৫ মে বিষয়টি নিয়ে আবার ব্যাংকে গেলে শাখার ব্যবস্থাপক সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাঁকে বসিয়ে রাখেন। ৮০ হাজার টাকার ওই ভুয়া চেকের ওপর জোর করে তাঁর সই নেওয়া হয়। তিনি কান্নাকাটি করলে স্থানীয় লোকজন ব্যাংকে জড়ো হয়ে ব্যবস্থাপককে চাপ দেন। এ সময় ব্যবস্থাপক জানান, টরকী বন্দরের কাঠ ব্যবসায়ী ও কমলাপুরের বাসিন্দা এছাহাক বেপারির ছেলে রুহুল আমিন ওই চেক দিয়ে টাকা তুলে নিয়েছেন। এ সময় স্থানীয়দের তোপের মুখে ব্যবস্থাপক রুহুল আমিনকে ব্যাংকে ডেকে এনে তাঁর সঙ্গে কথা বলেন এবং দুই-একদিনের মধ্যে তাঁকে (শাহিদা) টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। দীর্ঘদিনেও টাকা না পেয়ে শাহিদা বেগম গত মঙ্গলবার গৌরনদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জাল সই দিয়ে টাকা তুলে নেওয়ার চেকে জোর করে শাহিদার সই নেওয়া সম্পর্কে জানতে চাইলে ব্যবস্থাপক মো. আফজাল হোসেন বলেন, ‘শাহিদার স্বাক্ষর মেলানোর জন্য ওই চেকে একটি স্বাক্ষর রাখা হয়েছে। তাতে দোষের কী? শাহিদার স্বাক্ষরিত চেক বহনকারীকে টাকা দেওয়া হয়েছে। জাল-জালিয়াতি হয়ে থাকলে এর সঙ্গে ব্যাংক জড়িত নয়।’ চেক কোথায় পেলেন? এ প্রশ্নের জবাবে অভিযুক্ত রুহুল আমিন জানান, শাহিদার ননদের স্বামী মো. হেমায়েত সরদার তাঁকে চেকটি সরবরাহ করেছেন। এ ব্যাপারে হেমায়েত সরদারের সঙ্গে মুুঠোফোনে যোগাযোগ করলে তিনি দাবি করেন, তিনি শাহিদার কাছে টাকা পেতেন। শাহিদাই তাঁকে চেকটি দিয়েছিলেন। কিন্তু শাহিদা বেগম কাউকে কোনো চেক দেননি বলে জানিয়েছেন।