প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রউফাবাদ এলাকায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া এক আসামিকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।
ওই আসামির নাম আবদুল্লাহ আল মামুন। তিনি সম্পর্কে নিহত পারভীন আক্তারের ভাশুরের বড় ছেলে।
এদিকে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও ভিডিও ফুটেজ দেখে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভিডিও ফুটেজ দেখে জড়িত আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। তবে আসামি মামুনকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের অনেক তথ্য পাওয়া যাবে।
গত শনিবার রাতে রউফাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে পারভীন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা।
ঘটনার রাতেই পুলিশ পারভীনের ভাশুরের ছেলে মামুনসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।