প্রবাসীরা যেন কোথাও হয়রানির শিকার না হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অভিবাসী কর্মীদের অবদান অপরিসীম উল্লেখ করে তাঁদের হয়রানি বন্ধে সবাইকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, ‘প্রবাসী আয় জাতীয় উন্নয়নের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে। বিমানবন্দর কিংবা দূতাবাসে কোথাও যেন তাঁরা হয়রানির শিকার না হন।’
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আজ দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। নুরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন বিবেচনায় নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আমাদের এ সাফল্যে প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ক্রমান্বয়ে প্রবাসী আয় বাড়ায় বাংলাদেশ ব্যাংকে সঞ্চিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে শক্ত ভিত্তির ওপর।’

বিমানবন্দর ও বিদেশে পদে পদে প্রবাসীদের হয়রানি প্রসঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘দূতাবাসগুলো নিয়ন্ত্রণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমানবন্দরও আমাদের এখতিয়ারে নয়। তারপরও আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি কোথাও যেন প্রবাসীরা হয়রানির শিকার না হন। এ জন্য প্রয়োজনে নজরদারি করা হবে। দেশে তাঁদের সম্পদ বা বাড়িঘর দখল হয়ে যাচ্ছে, এমন অভিযোগ পেলেও আমরা ব্যবস্থা নেব।’
অভিবাসীদের সুরক্ষায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে, আন্তর্জাতিক একটি সংস্থার এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটি ঠিক নয়। অনেক সময়ই এ ধরনের অপপ্রচার করা হয়।’
প্রতিবছরের মতো এবারও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ যথাযথ গুরুত্বের সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্‌যাপনের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘দেশে প্রতিবছর ২০ লাখের অধিক পুরুষ ও মহিলা কর্মী শ্রমবাজারে যুক্ত হচ্ছে। এ বিপুলসংখ্যক কর্মীর জন্য দেশের অভ্যন্তরে চাহিদা অনুযায়ী চাকরির সুযোগ সৃষ্টি করা অনেকাংশে সম্ভব হয় না। এ জন্য লোকজন বিদেশে যাচ্ছে।’
বর্তমানে ১৬২টি দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ২২ হাজার কর্মীর কর্মসংস্থান হয়েছে। আশা করছি এ বছরে সাড়ে ৭ লাখের অধিক কর্মীর বিদেশে কর্মসংস্থান হবে।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার অভিবাসনপ্রক্রিয়ার মান উন্নয়ন, যৌক্তিক অভিবাসন ব্যয় এবং অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে। বিশ্ব শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য বহুবিধ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সম্মানজনকভাবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রতারণামুক্ত পরিবেশে যৌক্তিক অভিবাসন খরচে অধিক কর্মী পাঠাতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, আজহারুল ইসলাম এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এ সময় উপস্থিত ছিলেন।