প্রবাসীসহ দুজনের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর দুবাইপ্রবাসী আবদুল আজিজের (২৩) লাশ পুলিশ উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার হাকালুকি হাওরের ফুট বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এদিকে জেলার রাজনগর উপজেলায় দুই দিন নিখোঁজ থাকার পর মোবারক মিয়া (৪৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে কুশিয়ারা নদীর শাখা নদী বড়বাগা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আবদুল আজিজ উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আবদুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে আজিজ মাইজগাঁওয়ের নিজ বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ও তাঁর মুঠোফোন বন্ধ ছিল। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর তাঁর পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। গত সোমবার ওই সাধারণ ডায়েরিকে একটি অপহরণ মামলায় রূপান্তর করা হয়েছে। বৃহস্পতিবার হাকালুকি হাওরের ফুটবিলের পশ্চিম পাশে জেলেরা ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। তাঁরা নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকদের খবর দেন। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে আবদুল আজিজের লাশটি শনাক্ত করে। বৃহস্পতিবার রাতে কুলাউড়া থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার আড়াই শ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলের লাশ উদ্ধার: উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রামের মোবারক মিয়া (৪৫) ও তাঁর ছেলে জুবেদ মিয়া (১৯) গত বুধবার গভীর রাতে মাছ ধরতে বের হন। বালাগঞ্জ উপজেলার কাশিপুরসংলগ্ন কুশিয়ারা নদীর শাখা নদী বড়বাগায় মাছ ধরছিলেন। রাত তিনটার দিকে জাল টানার একপর্যায়ে মোবারক মিয়া নদীতে পড়ে যান। এরপর তাঁর কোনো খোঁজ মেলেনি। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নদীর বড়বাগা এলাকায় মোবারক মিয়ার লাশ ভেসে ওঠে।