প্রবাসী-আয় মানবসম্পদ উন্নয়নে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসনের আয় পরিবারের খরচ মেটাতে বড় ভূমিকা পালন করলেও এ থেকে মানবসম্পদ উন্নয়নে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ হয় না। কোনো কোনো ক্ষেত্রে প্রবাসী-আয় (রেমিট্যান্স) উচ্চশিক্ষাকে অনুৎসাহিত করে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসোর্স ইউনিটের (রামরু) একটি কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বৈদেশিক আয় ব্যবহারে নারী-পুরুষের ভূমিকা এবং মানবসম্পদ ও যুব উন্নয়নে এর প্রভাব তুলে ধরতে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় রামরুর সভাপতি অধ্যাপক তাসনিম সিদ্দিকী বলেন, প্রবাসী-আয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সনাতন শিক্ষার সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারিগরি শিক্ষাকে যুক্ত করতে হবে। এতে দক্ষ জনশক্তি তৈরি হবে। পাশাপাশি নারীশিক্ষা, কর্ম ও অভিবাসনের বিষয়ে মানসিকতা পরিবর্তনের জন্য জনসচেতনতা তৈরি করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ রোযানা রশীদ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সহকারী অধ্যাপক জালাল উদ্দিন শিকদার গবেষণার ফলাফল তুলে ধরেন। তাঁরা বলেন, নারী ও পুরুষভেদে প্রবাসী-আয় দেশে পাঠানো ও ব্যবহারে ভিন্নতা থাকলেও দুটো ক্ষেত্রেই অভিবাসী পরিবার স্থাবর সম্পত্তি গড়ে তোলার দিকে নজর দেয়, যা তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানকে দৃঢ় করে।
গবেষণায় বলা হয়, তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনায় প্রবাসী-আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এ ক্ষেত্রে নারী ও পুরুষভেদে তা ভিন্ন
ভিন্ন আকাঙ্ক্ষা তৈরি করে। অভিবাসনের আয় পরিবারের খরচ মেটাতে বড় ভূমিকা পালন করলেও এ থেকে মানবসম্পদ উন্নয়নে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ হয় না। বরং অনেক ক্ষেত্রে উচ্চশিক্ষাকে অনুৎসাহিত করে।