প্রবাসে জনমত গঠনকারীরাও মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসে থেকেও যাঁরা জনমত গঠন করেছেন এবং মুক্তিযুদ্ধের সংগঠকের ভূমিকা পালন করেছেন, তাঁদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ প্রক্রিয়া শুরু হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল সোমবার সিলেটে এ কথা বলেছেন।
সিলেটে ‘লন্ডন ১৯৭১’ শীর্ষক প্রদর্শনীতে মন্ত্রী প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, যে জাতির কৃতজ্ঞতাবোধ নেই, সে জাতি কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ক্ষেত্রে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। দেশে ও বিদেশে যাঁরা জনমত গঠন করেছেন এবং সংগঠকের ভূমিকা পালন করেছেন, তাঁরা মুক্তিযোদ্ধা।
সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বিলেতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলা ও ইংরেজি সংবাদপত্রের বিশেষ বিশেষ অংশ, পোস্টার, প্রচারপত্র ও ঐতিহাসিক ছবি নিয়ে সিলেট নগরের রিকাবিবাজারে মোহাম্মদ আলী শরীরচর্চাকেন্দ্রে চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে সমাপনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রসচিব ও ১৯৭১ সালে লন্ডনে স্থাপিত বাংলাদেশ কূটনৈতিক মিশনের দ্বিতীয় সচিব মহিউদ্দিন আহমদ, লন্ডনে মুক্তিযুদ্ধের সংগঠক এবং মানবকণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া চৌধুরী, ১৯৭১ সালে লন্ডনে গঠিত ‘স্টিয়ারিং কমিটি অব দ্য অ্যাকশন কমিটিস’ সদস্য কবীর এইচ চৌধুরী প্রমুখ।
কবীর এইচ চৌধুরী বলেন, ‘আমরা অস্ত্র হাতে যুদ্ধ করিনি। তবু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে রাজপথে নেমেছিলাম। অথচ আমাদের কেউ স্মরণ রাখে না। কোথাও আমাদের নাম নেই।’ তিনি মন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘এখন কি আমাকে আবেদন করে মুক্তিযোদ্ধা হতে হবে?’
সমাপনী পর্বে স্বাগত বক্তব্য দেন ‘লন্ডন ১৯৭১’ উদ্যোক্তা উজ্জ্বল দাশ ও ব্রিটিশ কাউন্সিলের সিলেট সেন্টারের প্রধান মো. কাফিল হোসেইন চৌধুরী।