প্রবাসে জিম্মি, দেশে চাঁদা আদায় চক্রের এক সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসে জিম্মি করে দেশে প্রবাসীর আত্মীয়স্বজনের কাছ থেকে চাঁদার টাকা আদায়কারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে মো. খোরশেদ মিয়া নামের ওই ব্যক্তিকে গত মঙ্গলবার আটকের সময় তিন লাখের বেশি টাকা এবং চাঁদা আদায়ের একটি তালিকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের আকলিমা বেগমের (৫৫) ছেলে মো. রিয়াজ দুবাই থাকেন। তাঁকে তুরস্কে পাঠানোর কথা বলে ইরানে নিয়ে জিম্মি করে চক্রটি। পরে দেশে পাঠানোর জন্য তাঁর কাছে দুই লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এরপর তাঁর পরিবারের লোকজন এসএ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক লাখ ৮০ হাজার টাকা পরিশোধ করেন। এ ঘটনায় তাঁরা র‌্যাবের কাছে একটি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা তিনটার দিকে মৌলভীবাজার পৌর শহরের কুসুমবাগ এলাকার এসএ কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে মো. খোরশেদ মিয়াকে আটক করেন র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে চাঁদার নগদ তিন লাখ ২৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, খোরশেদ মিয়ার লোকজন মধ্যপ্রাচ্য ও আরব দেশে প্রবাসীদের সঙ্গে প্রথমে সম্পর্ক তৈরি করে। এরপর গ্রিস, তুরস্কসহ ইউরোপের বিভিন্ন দেশে অধিক বেতনের চাকরির লোভ দেখিয়ে ইরানের সীমান্তে নিয়ে যায়। পরে আটকে রেখে মেরে ফেলার হুমকি দিয়ে দেশে তাঁদের আত্মীয়স্বজনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। ফোন করে সেই টাকা মো. খোরশেদ মিয়ার নামের এসএ পরিবহনে পাঠিয়ে দিতে বলে। দাবি করা টাকা পাঠানো হলে খোরশেদ মিয়া সেই টাকা তুলে তাঁর কমিশন রেখে বাকিটা দেশের মধ্যে তাঁর চক্রের আত্মীয়স্বজনের ব্যাংক হিসাবে রাখেন। কিছু টাকা তিনি হুন্ডির মাধ্যমে সরাসরি বিদেশে তাঁর লোকজনের কাছে পাঠিয়ে দেন। আটক ব্যক্তি জানিয়েছেন, এ রকম আরও ৪০ থেকে ৫০ জন ইরান সীমান্তে আটক আছেন। চাঁদার টাকা দাবি করে প্রতিনিয়ত তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। খোরশেদ মিয়াকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মো. রিয়াজের মা আকলিমা বেগম বাদী হয়ে গতকাল বুধবার মামলা করেছেন।এদিকে র‌্যাব খোরশেদ মিয়ার ম্যানিব্যাগ ও বাড়ি থেকে চাঁদা আদায়ের একটি তালিকা উদ্ধার করেছে। এতে দেখা গেছে, বিগত তিন-চার মাসে অনেকের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার চাইলাও মারমা গতকাল প্রথম আলোকে বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খোরশেদ মিয়াকে আটক করা হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আজ (বুধবার) একটি মামলা হয়েছে।’ খোরশেদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে। তিনি মো. ছওয়াব উল্লাহর ছেলে।