প্রবাসে জিম্মি স্বামীকে উদ্ধারে স্ত্রীর আর্তি
প্রবাসে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি স্বামীকে মুক্তিপণ দিয়েও ছাড়িয়ে আনতে পারেননি। তাই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা চামেলী বেগম গতকাল মঙ্গলবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রবাসে জিম্মি স্বামীর উদ্ধারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চামেলী বেগম জানান, গত ২৫ জুলাই তাঁর স্বামী জালালউদ্দিন ওরফে হেনা মিয়া গ্রিসে যান। তাঁকে গ্রিসে পাঠানোর বন্দোবস্ত করে স্থানীয় কিছু লোক। গ্রিসে নেওয়ার কথা বলে হেনা মিয়াকে পাঠানো হয় ইরানের তেহরানে। প্রায় তিন মাস পর তেহরান থেকে হেনা মিয়া জিম্মিদশার কথা স্ত্রীকে জানান। চামেলী বেগম জানান, গত বছরের ২১ অক্টোবর হেনা মিয়ার অবস্থা জেনে তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের কথামতো তিন দফায় প্রায় তিন লাখ টাকা দেওয়া হয়। এ টাকা দিয়েও স্বামীকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় গোলাপগঞ্জ থানায় তিনি সাধারণ ডায়েরি করেন। র্যাবের একটি দল ৯ জানুয়ারি হবিগঞ্জ থেকে জিতু মিয়া নামের একজনকে মানব পাচারকারী চিহ্নিত করে গ্রেপ্তার করে। এ প্রক্রিয়ায় প্রায় ছয় মাস কেটে যাওয়ায় প্রবাসে স্বামীর জিম্মিদশা নিয়ে উদ্বিগ্ন বলে জানান চামেলী বেগম। তিনি জানান, জিতু মিয়াকে আটকের পর চক্রের সদস্যরা তাঁর স্বামীর ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। তারা মামলা তুলে নিতে বিভিন্ন সময় বিদেশি মুঠোফোন নম্বর থেকে তাঁকে হুমকি দিয়ে আসছে।