প্রবাসে মৃত কর্মীর স্বজনকে ৩০ দিনে ক্ষতিপূরণ: মন্ত্রী
প্রবাসে মৃত কর্মীর পরিবারের সদস্যদের ৩০ কর্মদিবসের মধ্যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। দূতাবাসসহ কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলায় যেন কোনো পরিবার আর্থিক ক্ষতিপূরণ পেতে ভোগান্তিতে না পড়ে, সেই নির্দেশনাও দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার প্রবাসী–কল্যাণ ভবনের সভাকক্ষে মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম পর্যালোচনা ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব নির্দেশনা দেন।
বিদেশে কোনো বৈধ কর্মী মারা গেলে তাঁর পরিবারের সদস্যরা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে তিন লাখ টাকা পান। এ ছাড়া দুর্ঘটনায় মারা গেলে একজন প্রবাসী যেখানে কাজ করতেন সেখান থেকে আর্থিক ক্ষতিপূরণ পান। কিন্তু এসব টাকা পেতে পরিবারকে বছরের পর বছরও ঘুরতে হয়। মন্ত্রী এই ভোগান্তি বন্ধের নির্দেশনা দেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, কর্মীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণের যেসব ঘটনা দীর্ঘদিন ধরে ঝুলে আছে, সেগুলোর তালিকা প্রস্তুত করে বিলম্বের কারণসহ দ্রুত মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে জমাকৃত ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ আগামী দুই মাসের মধ্যে মৃতের পরিবারকে পরিশোধ করে মন্ত্রণালয়কে জানাতে হবে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয় ও দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।