জাতীয় সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রবাসীদের মৃত্যুর যে সংখ্যাটা (পত্রিকায়) এসেছে, সেটা এক দিন বা এক মাসের নয়, পাঁচ বছরের। পাঁচ বছরে দেশের এক কোটি মানুষ প্রবাসে ছিল। সেদিক থেকে এই হার জাতীয় গড়ের চেয়েও কম। তবু যেকোনো মৃত্যুই দুঃখজনক।
গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে করা এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী এ কথা বলেন।
কাজী ফিরোজ রশীদ প্রশ্ন করেন, ১৪ হাজার শ্রমিকের লাশ এসেছে। অথচ মন্ত্রী বলেছেন যে কর্মীদের সমস্যা হলে দূতাবাস তার সমাধান করে। শ্রমিকেরা দূতাবাসে ধরনা দেন, কিন্তু দূতাবাসের কর্মকর্তাদের খুঁজে পান না। তিনি প্রশ্ন করেন, দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।
জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের এক কোটি লোক ১৫৭টি দেশে বাস করছে। অথচ সুইজারল্যান্ডের মোট জনসংখ্যাই ৭৫ লাখ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০-১৫ জন এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের চার-পাঁচজন কর্মকর্তা দিয়ে প্রবাসীদের দেখাশোনা করা কঠিন। আশ্বস্ত করতে চাই, প্রবাসীরা হেফাজতে থাকবে। যারা অন্যায় করেছে তাদের বিরদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রবাসী বাংলাদেশিদের ৮০ ভাগই মধ্যপ্রাচ্যে কাজ করেন। পরিসংখ্যান মতে, ২০১৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৮৭ লাখ ৫১ হাজার কর্মী বৈধভাবে বিদেশে গমন করেছেন। কোনো দেশে বিদেশি কর্মীর সংখ্যা বেশি হয়ে গেলে তারা ভারসাম্য রক্ষার চেষ্টা করে। যে কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশি কর্মীদের কাজ করার সুযোগ কমে গেছে। বর্তমানে তারা দক্ষ ও প্রশিক্ষিত জনবল নেওয়ার ব্যাপারে আগ্রহী।
মন্ত্রী আরও বলেন, চুক্তিপত্রের মেয়াদ শেষ অথবা পালিয়ে যাওয়ার কারণে সৌদি আরবে অনেকেই অবৈধ হয়ে পড়েছেন। সৌদি সরকার এঁদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। তবে সরকারের কূটনৈতিক তৎপরতায় এই সংকটের সমাধান সম্ভব হয়েছে।
জিএসপি নিয়ে বাণিজ্যমন্ত্রী: নাটোরের আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যখন রানা প্লাজা ধ্বংস হলো, তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনা ঘটল, অনেক লোক মারা গিয়েছিলেন। যাঁরা আটকে পড়েছিল তাঁদের উদ্ধারের ব্যবস্থা করা হয়েছিল। এতে আমরা স্বীকৃতি অর্জন করেছিলাম। বিরোধী দলের নেতা খালেদা জিয়া সে সময় দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছেন, প্রবন্ধ লিখেছেন। তাঁর কাজের জন্য যথেষ্ট ক্ষতি হয়েছে।
মো. আবদুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরে পেতে ১৬টি শর্ত বেঁধে দিয়েছিল। ১৩টি আমরা পূরণ করেছি। বাকি শর্ত এপ্রিল-মে মাসের মধ্যে পূরণ করা সম্ভব হবে।
হরতালে ক্ষতি: ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ব্যবসায়ী সংগঠন ও গবেষণা সংস্থার হিসাব অনুযায়ী, হরতালে প্রতিদিন দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ এক হাজার ৬০০ কোটি টাকা। এফবিসিসিআই ও অন্যান্য সংস্থার হিসাব অনুযায়ী, গত নভেম্বর-ডিসেম্বরে পোশাকশিল্পে ক্ষতি হয়েছে সাত হাজার কোটি টাকা। বিরোধী দলের কর্মসূচিতে হিমায়িত মৎস্য কারখানার ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা, চামড়াশিল্পের ক্ষতি ৭০০ কোটি টাকা।
রহিম উল্লাহর প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২১ লাখ। তবে শিক্ষিত বেকারের কোনো পরিসংখ্যান নেই।