প্রবাসে মৃত্যুবরণকারীর পরিবারকে সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশিদের লাশ পরিবহন ও দাফনের জন্য আর্থিক সাহায্য দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক ও প্রবাসীকল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম মজুমদার। এ সময় সৌদি আরব থেকে আসা মৃত বাংলাদেশি মো. সেলিম চৌধুরীর ভাই মো. মফিজ উদ্দিনের হাতে সরকারি সাহায্যের টাকা হস্তান্তর করা হয়।জনশক্তি কার্যালয় সূত্র জানায়, এত দিন চট্টগ্রাম জেলার অধিবাসী কোনো প্রবাসী বিদেশে কর্মরত অবস্থায় মারা গেলে সরকারি সাহায্যের জন্য চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে আবেদন করতে হতো। এ আবেদন ঢাকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের কার্যালয়ে পাঠানো হতো। সেখান থেকে অনুমোদন পাওয়া গেলে জেলা কার্যালয় মৃত ব্যক্তির পরিবারের কাছে টাকা হস্তান্তর করত। এখন থেকে সরাসরি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।প্রসঙ্গত, বিদেশে বৈধভাবে কর্মরত কোনো বাংলাদেশি অসুস্থ হয়ে বা অন্য কোনোভাবে মারা গেলে ওয়েজ আর্নাস কল্যাণ তহবিল থেকে অর্থসহায়তা দেওয়া হয়।জহিরুল আলম মজুমদার বলেন, আগের প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে কখনো কখনো মৃত ব্যক্তির পরিবার টাকা পেত দেরিতে। চট্টগ্রাম প্রবাসী-অধ্যুষিত এলাকা। তাই সরকারি সিদ্ধান্ত অনুসারে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে এই অর্থসহায়তা দেওয়ার ব্যবস্থা চালু করা হলো।