প্রবাসে শ্রমিকের মৃত্যুর হার জাতীয়র চেয়ে কম: শ্রমমন্ত্রী
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রবাসে শ্রমিকদের মৃত্যুর হার জাতীয় মৃত্যুর হারের চেয়ে কম।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ফিরোজ রশীদ প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে প্রশ্ন করেন, ‘১৪ হাজার শ্রমিকের লাশ এসেছে। মন্ত্রী বলেছেন, কর্মীদের সমস্যা হলে দূতাবাস তার সমাধান করে। শ্রমিকেরা দূতাবাসে ধরনা দেয়, কিন্তু দূতাবাসের কর্মকর্তাদের খুঁজে পায় না। দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না?’
জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘যে সংখ্যাটা (পত্রিকায়) এসেছে সেটা এক দিন বা এক মাসের নয়, পাঁচ বছরের। পাঁচ বছরে দেশের এক কোটি মানুষ প্রবাসে ছিলেন। সেদিক থেকে এই হার জাতীয় গড়ের চেয়েও কম। তবুও যেকোনো মৃত্যুই দুঃখজনক। বাংলাদেশের এক কোটি লোক ১৫৭টি দেশে বাস করছে। অথচ সুইজারল্যান্ডের মোট জনসংখ্যাই ৭৫ লাখ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০/১৫ জন এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ৪-৫ জন কর্মকর্তাকে দিয়ে প্রবাসীদের দেখাশোনা করা কঠিন। আশ্বস্ত করতে চাই, প্রবাসীরা হেফাজতে থাকবে। যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও জানতে পড়ুন