প্রবাসে স্বজনের মৃত্যু অকূলপাথারে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশই নির্মাণকাজের সঙ্গে যুক্ত। খরচের টাকা তুলতে তাঁরা দিনে ১২ থেকে ১৮ ঘণ্টাও কাজ করেন। ফলে অসুস্থ হয়ে পড়েন। কুয়ালালামপুরের ছবি । সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশই নির্মাণকাজের সঙ্গে যুক্ত। খরচের টাকা তুলতে তাঁরা দিনে ১২ থেকে ১৮ ঘণ্টাও কাজ করেন। ফলে অসুস্থ হয়ে পড়েন। কুয়ালালামপুরের ছবি । সংগৃহীত

জামালপুরের মোজাম্মেল হক কয়েক বছর দুবাইতে থেকে গত বছরের ফেব্রুয়ারিতে দেশে এসে বিয়ে করেন। জুলাইয়ে তিনি যখন বিদেশে ফেরত যান, তখন তাঁর স্ত্রী করিমা খাতুন অন্তঃসত্ত্বা। কিন্তু ডিসেম্বরেই হূদেরাগে মারা যান মোজাম্মেল। মার্চে তাঁর সন্তান আসবে কিন্তু সে কখনোই বাবাকে পাবে না।
নওগাঁর রানীনগরে বাড়ি আলাউদ্দিনের। বাবা কৃষক। ভাগ্য ফেরাবেন এমন আশায় ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার মাত্র ১৮ মাস পর স্ট্রোকে মারা যান।
আলাউদ্দিনের মৃত্যুতে অসহায় হয়ে পড়েন তাঁর স্ত্রী নাজমা আক্তার। তিন বছরের একমাত্র মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে এখন তাঁর আশ্রয় হয়েছে বাবার বাড়ি। অন্যদিকে ঋণ করে সন্তানকে বিদেশে পাঠিয়ে এখন পুরোপুরি অসহায় আলাউদ্দিনের কৃষক বাবা কালামউদ্দিন।
মোজাম্মেল বা আলাউদ্দিনের মতো আড়াই হাজার প্রবাসী প্রতিবছর দেশে ফিরছেন লাশ হয়ে। এই পরিবারগুলোর বাবা-মা, স্ত্রী-সন্তানেরা পুরোপুরি অসহায় হয়ে পড়ছেন। অনেকেই ঋণ পর্যন্ত শোধ করতে পারছেন না। সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে দুই বা তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও সেই টাকায় তাদের ঋণই শোধ হয় না, চলবে কী করে।
বিয়ের মাত্র দুই বছরের মাথায় স্বামীকে হারিয়েছেন কুমিল্লার মুরাদনগরের রুনা লায়লা। কান্নাজড়িত কণ্ঠে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী সৌদি আরবে থাকতেন। ২০১১ সালে দেশে এসে তাঁকে বিয়ে করেন। কিছুদিন থেকে আবার চলে যান। অনেক স্বপ্ন ছিল তাঁদের। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় সব শেষ।
৩৩ বছরের ছেলেকে হারিয়ে অসহায় দিন কাটাচ্ছেন কুমিল্লার আবু ইউসুফ। প্রথম আলোকে তিনি বলেন, ‘সাড়ে তিন লাখ টাকা খরচ করে ছেলেকে ফ্রি ভিসায় বাহরাইনে পাঠালাম। ছেলে আমার পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু ৪৩ দিন পর সে ফিরল লাশ হয়ে। আমার সব শেষ হয়ে গেল।’
উচ্চমাধ্যমিকে পড়ে নোয়াখালীর মোহাম্মদ খলিল। সৌদিপ্রবাসী তার বাবা গত ডিসেম্বরে মারা গেছেন। খলিল বলে, তারা তিন ভাইবোন। আট মাস আগে তার বাবা সর্বশেষ দেশে এসেছিলেন। এরপর ডিসেম্বরে ফেরেন লাশ হয়ে। খলিল জানায়, তার বাবার কোনো অসুখ ছিল না। কীভাবে হূদেরাগে মারা গেল, সেটাই তার প্রশ্ন।
দুই শিশুসন্তান রেখে অকালে চলে গেছেন ২৮ বছরের আকরাম উল্লাহ। ফরিদপুরে তাঁর বাড়ি। আকরামের স্ত্রী নাসরিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, বড় ছেলের বয়স ১০ বছর, মেয়ের সাত। কয়েক বছর বিদেশে থেকে তাঁর স্বামী ছুটিতে দেশে আসেন। ১৫ ডিসেম্বর সুস্থ অবস্থায় মালয়েশিয়া যান। কিন্তু তিন দিন পর ফেরেন লাশ হয়ে। এখন তিনি দুই সন্তানকে কীভাবে বড় করবেন?
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (অর্থ ও কল্যাণ) মোহসিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আগে নিহত ব্যক্তির পরিবারকে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হতো। এখন তিন লাখ টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু এই টাকা দিয়ে তো পরিবারগুলো বেশি দিন চলতে পারে না।