প্রবাহপথে ১৪ তলা ভবন ভূমি অধিগ্রহণে দেড় যুগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরের চারটি খালের দখল উচ্ছেদে গত এক বছরে কয়েক দফা অভিযান চালানো হলেও অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করা যাচ্ছে না। উচ্ছেদের পর আবার স্থাপনা গড়ে উঠেছে। আর দুটি খালের বন্ধ সংযোগ চালু করতে প্রশাসন আজ থেকে দেড় যুগ আগে কিছু জমি অধিগ্রহণে মাঠে নামলেও আজও তা বাস্তবায়ন করা যায়নি। কল্যাণপুরের খালগুলো দখলের কারণে সংকুচিত হয়ে পড়ায় এলাকার বিভিন্ন স্থানে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।কল্যাণপুর ‘ক’ খালের সঙ্গে প্রধান খালের সংযোগস্থলে এখন পাশাপাশি তিনটি ১৪ তলা ভবন দাঁড়িয়ে আছে। ভবনগুলো বিএনপির নেতা ও সাবেক সাংসদ এস এ খালেকের। এস এ খালেকের দাবি, নিজের কেনা জমিতেই স্থাপনা করেছেন তিনি। ওয়াসা কর্তৃপক্ষের মতে, জলাবদ্ধতা নিরসনে এসব ভবন উচ্ছেদসহ মোট দুই একর জায়গা অধিগ্রহণ করে তা খননের মাধ্যমে দুই খালকে যুক্ত করতে হবে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় অধিগ্রহণের বিষয়টি অনুমোদন করার পর ঢাকা জেলা প্রশাসন এ নিয়ে কাজ শুরু করেছে। জেলা প্রশাসনের একটি সূত্র প্রথম আলোকে বলেছে, জমির কিছু অংশের মালিকানা নিয়ে অস্পষ্টতা থাকায় অধিগ্রহণ করেই খালের প্রবাহ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। মোটা পাইপের বদলে ১৪ তলা: মাজার রোডে কল্যাণপুর ‘ক’ খালের উজানে খালেক এন্টারপ্রাইজ চত্বরের উত্তর পাশে এসে পানিপ্রবাহ প্রায় বন্ধ। জানা গেছে, এখানে সরু দুটি ভূগর্ভস্থ পাইপ দিয়ে প্রবাহ বজায় রাখার চেষ্টা করা হয়েছে মাত্র। জেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৯৬ সালে তারা ওই স্থানটি অধিগ্রহণ করতে গেলে এস এ খালেক বাধা দেন। তবে তিনি পানিপ্রবাহ সচল রাখতে সবচেয়ে চওড়া পাইপ বসাবেন বলে জেলা প্রশাসনকে মুচলেকা দেন। কিন্তু ‘সবচেয়ে চওড়া’ পাইপ না বসিয়ে তৈরি করা হয়েছে বিশাল স্থাপনা। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর ১৪ তলা ভবনগুলোসহ আরও কয়েকটি স্থাপনার নির্মাণকাজ শুরু হয়। কাছের একটি বাড়ির বাসিন্দারা বলেন, খালের গতিপথে থাকা ১৪ তলা ভবনগুলোর কারণে এলাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয়। বেশি বৃষ্টিতে ঘরে পানি ঢুকে যায়। এস এ খালেক যা বলেন: কয়েক দিন আগে এস এ খালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পানিপ্রবাহের জন্য তিনি তিন ফুট ব্যাসের পাইপ বসিয়েছেন। অধিগ্রহণের প্রস্তাবের পরও ১৪ তলা ভবন তৈরি করেছেন কেন—এ কথার জবাবে খালেক বলেন, ‘সরকার সিএস দাগ, এসএ দাগের খাল উদ্ধার করতে পারে না, নতুন জায়গা অধিগ্রহণের প্রয়োজন কী? সম্পূর্ণ প্রতিহিংসাবশত অধিগ্রহণের বিষয় অনুমোদন করা হয়েছে।’ কার প্রতিহিংসা—জানতে চাইলে সরাসরি জবাব না দিয়ে এস এ খালেক বলেন, ‘এটা আমি বলব না, যাচাই করলেই জানা যাবে।’ গত সোমবার সরকারদলীয় স্থানীয় সাংসদ আসলামুল হক এ প্রতিবেদককে বলেন, ‘জনস্বার্থে তাঁর বাকি জায়গা অধিগ্রহণ করা উচিত।’ জেলা প্রশাসনের ত ৎপরতা: ওয়াসা সূত্র জানায়, তারা ভূমি মন্ত্রণালয়ে বিষয়টি জানানোর পর জমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, দুই একর জায়গা অধিগ্রহণের কাজ চলছে। জমির মালিকদের জানানো হচ্ছে। প্রধান খালসহ কল্যাণপুরের চারটি খালের মোট দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার। প্রধান খালটি আগারগাঁও-তালতলা এলাকার জনতা হাউজিং থেকে শুরু হয়ে কল্যাণপুর সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়েছে। কল্যাণপুর ‘ক’ খালটি নন্দারবাগ এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে প্রধান খালের দিকে গেছে।