প্রবীণ কবি আবুল হোসেনের চিরপ্রস্থান

শতবর্ষের কাছাকাছি গিয়েও শতবর্ষী হলেন না তিনি। গতকাল রোববার ৯২ বছর বয়সে চিরপ্রস্থান করলেন দেশের প্রবীণতম কবি আবুল হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। গতকাল রাতে শ্বাসকষ্ট শুরু হলে স্বজনেরা তাঁকে রাত পৌনে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল রাতে স্কয়ার হাসপাতালে গিয়ে জানা যায়, স্বজনেরা লাশ গোসলের জন্য নিয়ে গেছেন। গোসল দেওয়া শেষে লাশ আবার স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। কোথায় কখন দাফন করা হবে, তার সিদ্ধান্ত গতকাল রাতে নেওয়া হয়নি।
কবি আবুল হোসেন ছিলেন গত শতকের চল্লিশের দশকের বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ কবি। স্বতন্ত্র কাব্য ভাষায় তিনি বাংলা কাব্যে তাঁর স্থান করে নিয়েছিলেন।
কবি আবুল হোসেনের জন্ম বাগেরহাট জেলার ফকিরহাট থানার আরুয়াডাঙা গ্রামে ১৯২২ সালের ১৫ আগস্ট। তাঁর শৈশব কেটেছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে, যৌবন কলকাতায় আর পরবর্তী সময়ে বাংলাদেশে। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও পরে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সরকারি চাকরি দিয়ে কর্মজীবন শুরু। ১৯৮২ সালে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসেবে অবসর নেন।
প্রবীণতম এই কবির প্রথম কাব্যগ্রন্থ নববসন্ত প্রকাশিত হয় ১৯৪০ সালে। অন্যান্য গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বিরস সংলাপ; হাওয়া, তোমার কি দুঃসাহস; দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে। এ ছাড়া তাঁর আত্মজীবনী আমার এই ছোট্ট ভুবনসহ বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়েছে।
সাহিত্যে অবদান রাখার জন্য আবুল হোসেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় কবিতা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।