প্রবীণ ফটোসাংবাদিক মনোয়ার আহমেদ ইন্তেকাল করেছেন

প্রবীণ ফটোসাংবাদিক মনোয়ার আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
দীর্ঘদিন লিভারের জটিলতাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মনোয়ার। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর কফিনে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
১৯৬৩ সালে সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন মনোয়ার আহমেদ। দীর্ঘ সময় ধরে তিনি অধুনালুপ্ত চিত্রালীর প্রধান আলোকচিত্রীর দায়িত্ব পালন করেন। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছাড়াও মনোয়ার আহমেদ যুক্তরাষ্ট্রের ওরিয়েন্টাল বার্ড ক্লাব অব বেডফোর্ডশায়ারের সদস্য ছিলেন।
পুরান ঢাকাসহ ঐতিহাসিক স্থাপত্যশিল্প, চলচ্চিত্র ও পাখির ওপর মনোয়ার আহমেদ কয়েকটি বই লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: স্থিরচিত্রে রূপালী মুখ, ঢাকার পুরনো কথা, ভাষা আন্দোলনের সচিত্র দলিল ও বাংলাদেশে উপজাতীয় সংস্কৃতি।
জাতীয় প্রেসক্লাবে মনোয়ার আহমেদ ছিলেন পরিচিত মুখ। ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।