প্রবীণ বাউলশিল্পী আবদুর রহমান হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলশিল্পী আবদুর রহমান
বাউলশিল্পী আবদুর রহমান

সিলেটের প্রবীণ ও প্রখ্যাত বাউলশিল্পী আবদুর রহমান গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে। তাঁকে আজ সোমবার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পাশাপাশি বুকে প্রচণ্ড ব্যথা থাকায় তাঁকে হাসপাতালে আনা হয়। তাঁর ফুসফুসে ইনফেকশনজনিত সমস্যা থাকতে পারে বলে চিকিৎসকেরা ধারণা করছেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানিয়েছে, মাস খানেক ধরেই আবদুর রহমান অসুস্থ। সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে গান গেয়ে বাড়ি ফিরে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে আজ বেলা ১১টায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় প্রথম আলোকে বলেন, ‘শিল্পীর সুচিকিৎসার সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিকতর পরীক্ষার পর তাঁর রোগের কারণ ও ধরন জানা যাবে।’

হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে জন্মগ্রহণকারী আবদুর রহমান সিলেট অঞ্চলে বর্তমান সময়ের একজন প্রবীণ বাউল ও প্রথিতযশা শিল্পী। প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিমের অন্যতম শিষ্য এই শিল্পী দেশ-বিদেশে গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মন জয় করে নিয়েছেন। তিনি একাধারে শিল্পী, সুরকার ও গীতিকার। ‘ভাটির সুর’ নামে তাঁর একটি গানের সংকলনও রয়েছে। তাঁর প্রকাশিত অ্যালবামের সংখ্যা ১০।

সদা নির্লোভ ও হাস্যময় বাউল আবদুর রহমানের অসুস্থতার খবর পেয়ে আজ হাসপাতালে ছুটে আসেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহসভাপতি শামসুল আলম সেলিম, নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ, নাট্যসংগঠক হুমায়ুন কবীর জুয়েল, শিল্পী শামীম আহমদ, নাট্যকর্মী সুপ্রিয় দেব, সাংবাদিক আবদুল আলিম শাহসহ অনেক গুণগ্রাহী ও স্বজন। প্রত্যেকেই তাঁর সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।