প্রবীণ বামপন্থী নেতা আবদুল্লাহ সরকার মারা গেছেন
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের অন্যতম স্বতন্ত্র সাংসদ, শ্রমিকনেতা ও প্রবীণ বামপন্থী নেতা আবদুল্লাহ সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকার শাহজাদপুরে ভাইয়ের বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ভাইবোনসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। জাসদ ও বাসদের সাবেক এই নেতা বেশ কিছুদিন ধরেই ডায়াবেটিস, হূদেরাগ ও কিডনির জটিলতার কারণে শয্যাশায়ী ছিলেন। গতকাল বেলা সাড়ে ১১টায় শাহজাদপুরের বাসার সামনে আবদুল্লাহ সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বেলা দেড়টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তাঁর দ্বিতীয় জানাজা। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদসহ সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানাজায় অংশ নেন। এই রাজনীতিকের প্রতি সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে চাঁদপুরের হাইমচরে তাঁর গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।আবদুল্লাহ সরকারের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চা, জাসদ, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।