প্রবীণ রাজনীতিক অজয় রায় গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক এবং দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা বর্ষীয়ান রাজনীতিক অজয় রায় গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন।
গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাৎক্ষণিক বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে।
অজয় রায়ের সহকর্মী সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রথম আলোকে জানান, তিনি নিউমোনিয়া, কিডনি ও হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগছেন।
৮৮ বছর বয়সী এ রাজনীতিবিদ সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক এবং সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অসুস্থ অজয় রায়কে দেখতে গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের কাছ থেকে বর্ষীয়ান এই রাজনীতিকের চিকিৎসার খোঁজখবর নেন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অজয় রায়কে দেখতে হাসপাতালে যান।