প্রবীণ রাজনীতিক আবদুর রহিম গুরুতর অসুস্থ
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আইনজীবী এম আবদুর রহিম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত মঙ্গলবার রাতে তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
চিকিৎসকেরা বলেন, শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডি, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন প্রবীণ রাজনীতিক আবদুর রহিম (৮৯)। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর চিকিৎসায় জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ কে এম সোহাইলকে প্রধান করে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বাবার অসুস্থতার খবর পেয়ে গতকাল সকালেই তাঁর দুই ছেলে বিচারপতি ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিম দিনাজপুরে ছুটে এসেছেন। তাঁর তিন মেয়ে ও জামাতারাও এসেছেন। পরিবারের সদস্যরা আবদুর রহিমের রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।