প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের চত্বরে, জীবদ্দশায় যেখানে তিনি সবচেয়ে সক্রিয়, সবচেয়ে সরব ছিলেন।  দক্ষিণ প্লাজার প্রশস্ত চত্বরে গতকাল তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাংসদেরাও তাঁকে শেষশ্রদ্ধা জানান l ছবি: ফোকাস বাংলা
সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবনের চত্বরে, জীবদ্দশায় যেখানে তিনি সবচেয়ে সক্রিয়, সবচেয়ে সরব ছিলেন। দক্ষিণ প্লাজার প্রশস্ত চত্বরে গতকাল তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাংসদেরাও তাঁকে শেষশ্রদ্ধা জানান l ছবি: ফোকাস বাংলা

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাতবার নির্বাচিত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেছেন। গতকাল রোববার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিলে ৭২ বছর।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে অসুস্থ বোধ করছিলেন সুরঞ্জিত। শুক্রবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার ভোররাত ৪টা ২৪ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা।

হাসপাতাল থেকে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সকাল নয়টার দিকে নেওয়া হয় জিগাতলার বাসভবনে। সেখানে স্ত্রী জয়া সেনগুপ্ত, ছেলে সৌমেন সেনগুপ্তসহ আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন।

সুরঞ্জিতের ছেলে সৌমেন সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘বাবার অবর্তমানে আমাদের অভিভাবক এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবা জীবনভর মানুষের উপকার করে গেছেন। এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছেন। আমি চেষ্টা করব বাবার শেষ কাজটুকু করে যেতে।’

সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

সুরঞ্জিতের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ। সেখানে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পার্লামেন্ট হ্যাজ লস্ট এ গ্রেট পার্লামেন্টারিয়ান। সে আপাদমস্তক পলিটিশিয়ান ছিল।’ মেনন বলেন, ‘সংসদের সার্বভৌমত্বে কেউ আঘাত করার চেষ্টা করলে, উনি মন্ত্রী থাকা অবস্থায়ও তার প্রতিবাদ করতেন।’
নিজ বাসভবন থেকে দুপুর ১২টার দিকে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর পূজা উদ্‌যাপন কমিটির নেতারাও শ্রদ্ধা জানান।
এ সময় শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু সাংবাদিকদের বলেন, ‘তাঁর মৃত্যুতে সংবিধান ও আইনের ব্যাখ্যায় বড় ধরনের শূন্যতা তৈরি হলো, যা পূরণ হওয়ার নয়।’
দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশ ও জাতি বড় মাপের একজন রাজনীতিবিদকে হারিয়েছে, যা গণতান্ত্রিক রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করবে।
ঢাকেশ্বরী মন্দিরে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা তিনটার দিকে মরদেহ জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
সুরঞ্জিত সেনগুপ্তের বেয়াই ভুপেন্দ্র ভৌমিক বলেন, আজ সোমবার সকাল নয়টার দিকে হেলিকপ্টারে করে মরদেহ সিলেটে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১১টায় মরদেহ নেওয়া হবে সুনামগঞ্জে। সেখান থেকে নির্বাচনী এলাকায় (দিরাই-শাল্লা) নেওয়ার পর বিকেলে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিতের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে শোকবার্তায় বলেন, তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। দেশ এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারাল। আর আওয়ামী লীগ হারাল দলের একজন নিবেদিতপ্রাণ নেতাকে।’

খালেদা জিয়া বলেন, একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে সুরঞ্জিত দেশের জন্য যে ভূমিকা রেখেছেন, জাতি তা কোনো দিন ভুলবে না।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এক শোক বার্তায় সুরঞ্জিতের মৃত্যুকে ‘বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করেন। তিনি সুরঞ্জিতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তাঁর মৃত্যুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম প্রমুখ শোক প্রকাশ করেছেন। এ ছাড়া সিপিবি, গণতন্ত্রী পার্টি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সুরঞ্জিতের মৃত্যুতে শোক জানিয়েছে।