প্রবীণ সদস্যদের আজীবন ও লিভিং লিজেন্ড সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকারকে আজীবন সম্মাননা দিয়েছে ঢাকা ক্লাব। একই সঙ্গে ক্লাবের অপর ২৫ জন সদস্যকে দেওয়া হয়েছে ‘লিভিং লিজেন্ড অব দ্য ক্লাব’ সম্মাননা। গতকাল বুধবার ঢাকা ক্লাবের মূল লাউঞ্জে আয়োজিত গুণীজন সংবর্ধনায় এই বিশিষ্ট ব্যক্তিদের এসব সম্মাননা দেওয়া হয়। ঢাকা ক্লাবের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয় দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ‘অঞ্জলি লহ মোর’ শীর্ষক এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে ‘লিভিং লিজেন্ড অব দ্য ক্লাব’ সম্মাননা দেওয়া হয়। এই সম্মাননা পাওয়া অন্যরা হলেন—ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট অব বাংলাদেশের সাবেক সভাপতি জহিরউদ্দিন আহমেদ, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এম এ রউফ চৌধুরী, আবাসন ব্যবসায়ী শফকাত হামিদ, গুলশান ক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মনোয়ার আহমেদ সিদ্দিকী, এসিআই লিমিটেডের চেয়ারম্যান আনিস-উদ দৌলা, আইনজ্ঞ মুহাম্মদ জহির, বাংলাদেশ সয়েল সায়েন্স সোসাইটির আজীবন সদস্য ইমাম হোসেন খান, ইব্রাহিম সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক তারিক ইব্রাহিম, মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান জগলুর রহমান খান, তারিকুল আলম খান, ন্যাশনাল পলিমার গ্রুপের চেয়ারম্যান শামসুল আবেদীন আকন্দ, ওবায়েদ আর জায়গীরদার, ডিনারস ক্লাব ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের ট্যুরিজম কনসালট্যান্ট এস এ রেজা হোসেন, গুলশান ক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতাদের অন্যতম সি জে হায়দার, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী, ১৯৭০-এর নির্বাচনে নির্বাচিত সাংসদ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের সভাপতি সিরাজুল ইসলাম, এস ই কবির, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতেখারুল আলম, শিল্পপতি এম এম ইস্পাহানী, সাবেক অর্থ প্রতিমন্ত্রী আতা উদ্দিন খান, শিল্পপতি সদরুদ্দিন এইচ জেওয়া, এফ কে গজনবী, ঢাকা শিশু হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল প্রতিষ্ঠার সঙ্গে জড়িত সৈয়দ এ কে মাহমুদুল হক ও ট্রাভেল হাউস লিমিটেডের চেয়ারম্যান হাবিবুল্লাহ খান। সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় এ কে খন্দকার বলেন, ‘লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধ করেছেন। এঁদের অনেকে মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য আমাকে যে সম্মাননা দেওয়া হলো, তা সব মুক্তিযোদ্ধারই প্রাপ্য। তাই তাঁদের পক্ষ থেকেই এ সম্মাননা আমি গ্রহণ করলাম।’ অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, নতুন প্রজন্ম স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হচ্ছে। যুদ্ধাপরাধী ও মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচার দেখে তারা আরও উদ্দীপিত হবে। এতে সোনার বাংলা গড়ে তোলার কাজ তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।সভাপতির বক্তৃতায় ঢাকা ক্লাবের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, ‘সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন ব্যক্তিদের আমরা সম্মাননা জানাই। যেন নতুন প্রজন্ম তাদের দেখে অনুপ্রাণিত হয়, তাদের অনুকরণীয় মনে করে।’সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, সদস্যপদে জ্যেষ্ঠতা, বয়স ও সমাজে অবদান এই তিনটি বিষয় বিবেচনা করে ‘লিভিং লিজেন্ড অব দ্য ক্লাব’ সম্মাননা দেওয়া হয়। এর আগেও দুই জনকে আজীবন সম্মাননা জানানো হয়েছে। তাঁরা হলেন—সংগীতে কলিম শরাফী এবং অর্থনীতিতে অধ্যাপক রেহমান সোবহান। দ্বিতীয় পর্বে অতিথিদের গান গেয়ে শোনান শিল্পী অদিতী মহসীন।