প্রবীণ সাংবাদিক এবিএম মূসার বাড়ির গাছ চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কুতুবপুরের প্রবীণ সাংবাদিক এবিএম মূসার গ্রামের বাড়ি থেকে চারটি শতবর্ষী গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এবিএম মূসার পক্ষ থেকে ফুলগাজী থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক এবিএম মূসার পরিবারের কেউ ওই বাড়িতে থাকেন না। এ সুযোগে সাহজাহান নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন শুক্রবার দুপুরে ওই বাড়ি থেকে শতবর্ষী দুটি জাম, একটি আম ও একটি কাঁঠালগাছ কেটে নিয়ে যায়। ওই বাড়ির তদারকির দায়িত্বে থাকা অহিদুর রহমানও তখন বাড়িতে ছিলেন না।
এবিএম মূসা জানান, গাছগুলো তাঁর দাদার আমলের পুরোনো। ফুলগাজী থানার ওসি সৈয়দুল মোস্তফা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।