প্রবীণ সাংবাদিক ওবায়দুল হককে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হককে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব। গতকাল শুক্রবার ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ উপলক্ষে ‘আমার জীবন আমার সাংবাদিকতা’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এম ওবায়দুল হকের উপস্থিতিতে তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন সমসাময়িক ও অনুজ সাংবাদিকেরা। অনুষ্ঠানে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়। প্রেসক্লাবের উদ্যোগে এমন আয়োজন এটিই প্রথম।
অনুষ্ঠানে ওবায়দুল হক বলেন, আগে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে সাংবাদিকতা করতে হতো। এখন প্রযুক্তির কারণে সাংবাদিকতা অনেক সহজ হয়েছে। সম্মাননা দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
বক্তারা বলেন, ৪২ বছরের সাংবাদিকতা জীবনে ওবায়দুল হক নীতির সঙ্গে আপস করেননি। বর্তমান এবং উত্তর প্রজন্মের সাংবাদিকদের কাছে তিনি আদর্শ হয়ে থাকবেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের নানা ঘটনার সাক্ষী ওবায়দুল হক তাঁর কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন। তিনি সাংস্কৃতিক আন্দোলনেও যুক্ত ছিলেন।
বক্তব্য দেন ছড়াকার নূর মোহাম্মদ রফিক, আবু সুফিয়ান, এম নাসিরুল হক, কবি বিশ্বজিৎ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, কবি স্বপন দত্ত, জহুরুল ইসলাম, আসিফ সিরাজ, শফিউল আলম, হাসান আকবর প্রমুখ।