প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিয়াস কামাল চৌধুরী
গিয়াস কামাল চৌধুরী

বিশিষ্ট সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী (৭৪) আর নেই। বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী এই প্রবীণ সাংবাদিক গতকাল শনিবার ভোর পাঁচটায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৬ দিন ধরে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল। মরহুমের মরদেহ গতকাল দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়। সেখানে অনুষ্ঠিত জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিকেলে কুমিল্লা শহরের দারোগা বাড়ি দরবার শরিফের সামনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মরদেহ দাফন করা হয় গ্রামের বাড়ি ফেনীর শর্শদীতে।
জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিরোধীদলীয় নেতার পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঈন খান, এম কে আনোয়ার প্রমুখ মরহুমের কফিনে ফুল দেন। এ সময় প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি, বিএফইউজে ও ডিইউজের দুই অংশের নেতা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
গিয়াস কামাল চৌধুরী ১৯৩৯ সালের ২১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক এবং ভয়েস অব আমেরিকার ঢাকার সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভয়েস অব আমেরিকা থেকে সম্প্রচারিত তাঁর কণ্ঠের খবরের জন্য দেশবাসী উদগ্রীব থাকতেন। শেষ জীবনে তিনি দৈনিক খবরপত্র-এর সম্পাদক ছিলেন। তাঁর স্মরণে জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে ও ডিইউজের যৌথ আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার বেলা তিনটায় ক্লাব মিলনায়তনে।