প্রবীণ সাংবাদিক জমির আহমেদের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের প্রবীণ সাংবাদিক এস কে এম জমির আহমেদ (৮১) আর নেই। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোরে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জমির আহমেদ যশোর শহরের ঘোপ এলাকার নিজ বাড়িতে বসবাস করতেন।
এ ছাড়া তিনি শিশু-কিশোরদের সংগঠন চাঁদের হাট যশোরের সভাপতি, কমিউনিটি পুলিশিং যশোর জেলা কমিটির সভাপতি, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কার্যনির্বাহী সদস্য এবং বেসরকারি সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। যশোর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তাঁর মৃত্যুতে প্রেসক্লাব চার দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে।
জমির আহমেদ ১৯৬২ সালে মর্নিং নিউজ-এর যশোর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পর্যায়ক্রমে তিনি পাকিস্তান টাইমস, বাংলাদেশ টাইমস, অবজারভার এবং বাংলাদেশ বেতারে কাজ করেন।
জমির আহমেদ স্ত্রী, চার মেয়ে, তিন ভাইসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ঘোপ নওয়াপাড়া রোড জামে মসজিদে জানাজা শেষে শনিবার তাঁর লাশ শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তাঁর মরদেহ প্রেসক্লাবে আনা হলে শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।