প্রবীণ সাংবাদিক জি এম ইয়াকুব আর নেই
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক জি এম ইয়াকুব আর নেই। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মিরপুরে নিজ বাসভবনে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে ভোগা এই সাংবাদিকের বয়স হয়েছিল ৬৪ বছর। প্রবীণ এই সাংবাদিক স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে জি এম ইয়াকুব দেশের প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর কমিটির সভাপতি থাকাকালে তিনি আইয়ুববিরোধী আন্দোলনে অংশ নেন। পরবর্তী সময়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ-এর জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্প্রদায়িকতা জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় ও সদস্যসচিব নুর মোহাম্মদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য শোক প্রকাশ করেন।