প্রবীণ সাংবাদিক জয়নুল আবেদীন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক, বিশিষ্ট চলচ্চিত্র কাহিনিকার, প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য জয়নুল আবেদীন আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২০ ফেব্রুয়ারি প্রেসক্লাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। অশীতিপর এই সাংবাদিক বেশ কিছুদিন ধরে শ্বাসতন্ত্র ও ক্রনিক লিভার সমস্যাসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি দীর্ঘদিন ঢাকায় সাংবাদিকতা করেছেন। অবাঙালি হওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্রভাষা বাংলার পক্ষে উর্দুতে দেয়াললিখন করে জেলে গিয়েছিলেন।
অকৃতদার জয়নুল আবেদীন বাংলাদেশের স্বাধীনতা লাভের পর এ দেশে থেকে যান। পাকিস্তানে আত্মীয়স্বজন থাকলেও তিনি সেখানে ফিরে যাননি। জাতীয় প্রেসক্লাবে তিনি সার্বক্ষণিক সময় কাটাতেন। অসুস্থ হওয়ার পর সম্প্রতি তাঁর ভাই মো. সিরাজউদ্দিন পাকিস্তান থেকে ঢাকায় আসেন।
ঢাকায় জয়নুল আবেদীনের ঘনিষ্ঠজনদের একজন ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক শাহনাজ বেগম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমার একজন অভিভাবককে হারালাম। প্রেসক্লাবের বারান্দায় ঢুকতে তাঁকে আর দেখা যাবে না।’
আজ শুক্রবার সকাল নয়টায় জাতীয় প্রেসক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে দাফন করা হবে।