প্রবীণ সাংবাদিক তোজাম্মেল আলী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক, ভাষাসৈনিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য তোজাম্মেল আলী আর নেই। গতকাল শনিবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।১৯৩৭ সালের ২৪ সেপ্টেম্বর তোজাম্মেল আলী রংপুরে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে দৈনিক সংবাদ-এর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। বিলুপ্ত বাংলার বাণীর নগর সম্পাদক ছিলেন তিনি। সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক জনতা। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। মুক্তিযুদ্ধেও অংশ নেন তোজাম্মেল আলী। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্যসচিব হেদায়েতউল্লাহ আল মামুন ও প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এদিকে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গতকাল এক বিজ্ঞপ্তিতে তোজাম্মেল আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।