প্রবীণ সাংবাদিক হাসান উজ্জামান খান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক এবং জাতীয় প্রেসক্লাবের আজীবন ও প্রতিষ্ঠাতা সদস্য হাসান উজ্জামান খান আর নেই। গতকাল সোমবার বেলা পৌনে দুইটায় তিনি জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
গতকাল হাসান উজ্জামানের মরদেহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়। আজ তাঁর প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হবে। বাদ জোহর হবে জানাজা। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
হাসান উজ্জামান ১৯২৬ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৫ সালে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি স্বাধীনতা, পাকিস্তান অবজারভার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বঙ্গবার্তা, নিউ নেশন, বাংলাদেশ টু ডে, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। তাঁর ৬০ বছরের কর্মজীবনের বেশি সময় কেটেছে বাসসে। তিনি বাসসের প্রধান বার্তা সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক ও উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক পেয়েছেন। সাংবাদিকতা ছাড়াও তিনি বিজ্ঞানবিষয়ক লেখালেখি করতেন।