প্রবীণ সেবার উন্নয়নে সম্মেলন ও কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথ পরিবার ভেঙে গিয়ে দিন দিন জনপ্রিয় হচ্ছে একক পরিবার। পারিবারিক এই ভাঙনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবারের প্রবীণ ব্যক্তিরা। বাংলাদেশের প্রেক্ষাপটে ভবিষ্যতে প্রবীণ ব্যক্তিদের জীবনযাপন সমস্যা আরও প্রকট হবে।

 বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান আয়োজিত বার্ষিক শাখা প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে কথাগুলো বলেন বক্তারা। রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ ভবনে সংঘের প্রধান কার্যালয়ে গত শুক্রবার দুই দিনের এই সম্মেলন ও কর্মশালা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ। সভাপতিত্ব করেন সংঘের সভাপতি নজরুল ইসলাম। সংঘের ৬৫ জেলার শাখা প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তারা বলেন, দেশে বর্তমানে প্রবীণ ব্যক্তির সংখ্যা ১ কোটি ২০ লাখ। ২০২৫ সালে এই সংখ্যা হবে ১ কোটি ৮০ লাখ। আর ২০৫০ সালে এই প্রবীণ ব্যক্তির সংখ্যা হবে ৪ কোটি ৪০ লাখ। তাই প্রবীণ জীবনাচরণ, স্বাস্থ্য, মানসিক ভারসাম্য, বাসস্থান, বিনোদন, নিরাপত্তা ও ভরণপোষণের বিষয়ে এখন থেকেই সচেতন হতে হবে।  অনুষ্ঠানে প্রবীণ জনগোষ্ঠীর জন্য সংঘের করণীয়, সম্ভাবনা, সীমাবদ্ধতা, সংকট, সফলতা, সুযোগ, হুমকি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয় উঠে আসে। 

 বক্তারা বলেন, প্রবীণ সেবা প্রদান যথেষ্ট ব্যয়বহুল। এ জন্য পর্যাপ্ত অর্থ, উন্নত অবকাঠামো, উন্নত চিকিৎসা যন্ত্রপাতি, আসবাব, যানবাহন ও সহায়ক অন্যান্য উপকরণ দরকার। সংঘের অধিকাংশ শাখার নিজস্ব জমি, অর্থবল এবং অন্যান্য সামগ্রী নেই বললেই চলে। পাশাপাশি কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব রয়েছে।

এ সময় বক্তারা সংঘের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে জানান, সংঘের যে শাখাগুলোতে চিকিৎসাসেবার ব্যবস্থা রয়েছে, সেগুলোকে উন্নত ও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভাগীয় প্রবীণ ক্লিনিকগুলোকে প্রবীণ হাসপাতালে উন্নীত করা হবে।

সম্মেলনে বক্তারা প্রবীণ ব্যক্তিদের নিরাপত্তা ও কল্যাণের স্বার্থে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র প্রবীণবিষয়ক অধিদপ্তর চালুর আবেদন জানান। সেই সঙ্গে ‘জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩’ এবং ‘পিতা-মাতার ভরণপোষণ আইন-২০১৩’ দ্রুত কার্যকর করার অনুরোধ জানান।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৬০টি জেলা শাখার মাধ্যমে প্রবীণ অধিকার আদায়, স্বার্থ সংরক্ষণ, সংহতি স্থাপন, কল্যাণ ও তরুণ প্রজন্মের মধ্যে বার্ধক্য বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে।