প্রবীণদের আরও সময় দেওয়ার আহ্বান
গড় আয়ুষ্কাল বৃদ্ধি পাওয়ায় সমাজে প্রবীণদের সংখ্যা বাড়ছে। তাই পরিবারের প্রবীণ সদস্যদের একটু বেশি সময় দিয়ে যত্ন নিতে হবে। পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকে প্রবীণ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে তাঁদের প্রতিদিন কিছু সময় দেওয়ার আহ্বান জানিয়েছে সেন্টার অব সোশ্যাল এনভায়রনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশন (সিএসইআরএফ)।
রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আজ বুধবার বিকেলে ‘গুরুজন আসর’ শিরোনামে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে কবি রেজাউদ্দিন স্ট্যালিন বলেন, সমাজে একটা ভাঙন ধরেছে। তাই মানুষ ব্যক্তি উন্নয়নে মন দিয়ে পরিবারকে ভুলে যাচ্ছে। তিনি পরিবারের বয়োজ্যেষ্ঠদের বৃদ্ধাশ্রমে না পাঠানোর আহ্বান জানান।
সভায় মনোরোগ বিশেষজ্ঞ সৈয়দ জাবের মাহমুদ প্রবীণদের বিভিন্ন মানসিক রোগের সমস্যা ও তা থেকে উত্তরণে করণীয় সম্পর্কে পরামর্শ দেন। তিনি বলেন, প্রবীণদের অন্যতম প্রধান রোগ ডিমেনশিয়া বা অতি সহজে ভুলে যাওয়া। এ থেকে তাঁরা হতাশায় ভুগতে পারেন। তাই পরিবারের প্রবীণদের প্রতি প্রয়োজনে কাউন্সেলিং ও বাড়তি নজর দিতে হবে।
বয়োজ্যেষ্ঠ মমতাজ আরা বলেন, ‘সন্তানদের উচিত বড়দের বা মা-বাবাকে দেখভাল করা, প্রতিদিন কিছুটা হলেও সময় দেওয়া। কেউ যেন ভুলে না যায় যে সবাইকে একদিন এই বয়সে আসতে হবে। এ চিন্তা সবার থাকতে হবে।’
সভায় সিএসইআরএফ সভাপতি প্রফুল্ল চন্দ্র সরকার, নির্বাহী পরিচালক সাবিনা সিদ্দিক বক্তব্য দেন। আলোচনা সভার পাশাপাশি ছিল আবৃতি ও গান। এতে বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি কিশোর-কিশোরী, তরুণ-তরুণীরাও উপস্থিত ছিল।