প্রবীণদের জন্য আলাদা অধিদপ্তর খোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক আলোচনা সভায় বক্তারা প্রবীণদের স্বার্থ রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ তাঁদের জন্য আলাদা অধিদপ্তর খোলার দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে গতকাল শনিবার সকালে এনজিও সংস্থা রিক-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। সভায় বক্তারা প্রবীণদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, বয়স্কভাতার পরিমাণ বাড়ানো ও ভাতা বণ্টন প্রক্রিয়া সহজ করার দাবি জানান। মহেশখালী উপজেলা প্রবীণ কমিটির সভাপতি মাহমুদুল হকের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, পৌর মেয়র মকছুদ মিয়া, সমাজসেবা কর্মকর্তা হাবিব উল্লাহ চৌধুরী, এনজিও সংস্থা রিকের মহেশখালীর আঞ্চলিক ব্যবস্থাপক রাশেদুল আনোয়ার ও প্রবীণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈকত সেন, প্রবীণ দলনেতা ননী গোপাল দে। এর আগে সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে পাঁচ শতাধিক প্রবীণ ব্যক্তি শোভাযাত্রা বের করেন। সেটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।